প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, তাঁরা আমাদেরই সন্তান। তাঁদের অবহেলা কিংবা করুণার চোখে না দেখে ভালোবাসা, সম্মান ও সহমর্মিতার সঙ্গে পাশে দাঁড়াতে হবে। তাঁদের প্রতিভা বিকাশ এবং স্বাভাবিক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করা সবার দায়িত্ব।
সোমবার (২৩ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এবিসি মাঠে দোস্ত এইড সোসাইটির উদ্যোগে আয়োজিত হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের যথাযথ সহযোগিতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তাঁরাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাঁদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক কর্তব্যও।
এ সময় তিনি উল্লাপাড়াসহ দেশের বিভিন্ন এলাকায় দোস্ত এইড সোসাইটির মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ৫০টি হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দোস্ত এইড সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কোহিনুর আলম চৌধুরী বলেন, দোস্ত এইড একটি অরাজনৈতিক মানবিক প্রতিষ্ঠান। এটি কোনো ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে না। প্রতিষ্ঠানটি বিনামূল্যে টিউবওয়েল, ঈদসামগ্রী, হুইলচেয়ার ও চিকিৎসাসামগ্রীসহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করে থাকে।
তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের তথ্য দিয়ে প্রতিষ্ঠানটির মানবিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, দোস্ত এইড সোসাইটির অঞ্চলপ্রধান আবুল কায়েস, ব্যবসায়ী আলাউদ্দিন আল আজাদ, আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)