বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন হয়নি। হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—এই তিনটি সম্ভাবনাকে সামনে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে নৌ পুলিশ। এ পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চারটি গুরুত্বপূর্ণ স্থানের তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন না পাওয়ায় এখনো মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তদন্তকারীরা।
এ ঘটনায় তাহসিফের বাবা একেএম এনায়েতুল করিম হত্যা মামলা করেছেন। মামলায় গ্রেফতার হয়েছেন তাহসিফের বন্ধুসমতুল্য স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার দীপ (২৩) এবং তাঁর পূর্বপরিচিত এক তরুণী। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলার তদন্ত তত্ত্বাবধান করছেন নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. রেজাউল করিম। তিনি জানিয়েছেন, হত্যাকাণ্ড, আত্মহত্যা ও দুর্ঘটনা—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। সব প্রশ্নের উত্তর পাওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্তের ফলাফল জানানো হবে। এরপর আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।
চারটি স্থান ঘিরে তদন্ত
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর আগে তাঁর চলাচলের ধারাবাহিকতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে উত্তরার বাসা, একটি হোটেল, একটি বার এবং তুরাগ নদের পাড়ে টঙ্গী মাজার রোডের বস্তি এলাকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব স্থানে ঘটনার আগে ও পরে কী ঘটেছিল, কারা উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের সঙ্গে অন্যান্য তথ্য-প্রমাণের সামঞ্জস্য রয়েছে কি না, তা যাচাই করছেন তদন্তকারীরা।
এ ছাড়া গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য এবং টেলিভিশনের টকশোতে আলোচকদের মন্তব্যও পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত কর্মকর্তাদের ধারণা, এসব বক্তব্যের মধ্যে ঘটনার গুরুত্বপূর্ণ কোনো সূত্র থাকতে পারে। এ বিষয়ে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা সাড়া দেননি।
ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন অপেক্ষায়
লাশ উদ্ধারের পর প্রস্তুত করা সুরতহাল প্রতিবেদনে তাহসিফের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকার কথা উল্লেখ করা হয়েছে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে তাঁর ময়নাতদন্ত করা হয়।
ময়নাতদন্তের সময় তাহসিফের পাকস্থলী, লিভার, কিডনি ও রক্তের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এসব পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হবে। ওই প্রতিবেদন থেকে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কোনো একটি তথ্য বা বক্তব্যের ওপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি, চলাচলের তথ্য, পারিপার্শ্বিক পরিস্থিতি ও বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল মিলিয়ে দেখার পরই মৃত্যুর কারণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
যেভাবে উদ্ধার হয় তাহসিফের লাশ
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পে নিজেদের বাসার নিচ থেকে আহমেদ শাহরিয়ার দীপের মোটরসাইকেলে করে বের হন তাহসিফ। পরে পূর্বপরিচিত এক তরুণীকে সঙ্গে নিয়ে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান। সেখানে দীপও উপস্থিত ছিলেন।
পরদিন ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে এক ব্যক্তির মরদেহ ভাসছে। পরে মরদেহের পায়জামার পকেটে থাকা আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি (২৮)।
ঘটনার পর থেকেই তাঁর মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা, আত্মহত্যা কিংবা দুর্ঘটনা—কোনোটিকেই নিশ্চিতভাবে দায়ী করছে না তদন্ত সংস্থা।

প্রথম দর্পণ,ডেস্ক