আকামা সংকটে জিম্মি প্রবাসীরা, সৌদিতে দালালচক্রের প্রতারণার ফাঁদ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, ১১:২১ দুপুর
  • ৭৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কাজ, বেতন ও বৈধতার আশ্বাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা; পুলিশের ভয় দেখিয়ে শ্রমিকদের জিম্মি করার অভিযোগ

সৌদি আরবে আকামা (বসবাস ও কাজের অনুমতিপত্র) সংকটকে পুঁজি করে প্রতারণার ফাঁদ পেতেছে সংঘবদ্ধ দালালচক্র। বৈধ কাগজপত্র না থাকা কিংবা আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন লাখ লাখ প্রবাসী বাংলাদেশি। তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কাজের ব্যবস্থা, আকামা নবায়ন, কফিল পরিবর্তন ও আইনি বৈধতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ। প্রতারণার পাশাপাশি শ্রমিকদের দিয়ে অতিরিক্ত সময় কাজ করিয়ে মজুরি আটকে রাখা এবং প্রতিবাদ করলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

এমন প্রতারণার শিকার ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা সোহেল। কয়েক বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব পাড়ি জমান তিনি। যাওয়ার আগে তাকে ফ্রি ভিসায় পাঠানোর কথা বলা হয়েছিল। কিন্তু দেশটিতে পৌঁছে দেখেন, কাগজপত্রে যার নাম কফিল বা নিয়োগকর্তা হিসেবে রয়েছে, তার কাছে দেওয়ার মতো কোনো কাজ নেই। উল্টো কাজ না দিয়েই প্রতি মাসে সোহেলের কাছে ৫০০ সৌদি রিয়াল দাবি করেন ওই কফিল।

পরে বন্ধুবান্ধবের পরামর্শে একজন সাপ্লাইয়ার বা শ্রমিক সরবরাহকারীর মাধ্যমে একটি চীনা নির্মাণপ্রতিষ্ঠানে রাজমিস্ত্রির কাজ নেন সোহেল। সেখানে ঘণ্টাপ্রতি মজুরি নির্ধারণ করা হয় ১২ রিয়াল। কিন্তু অভিযোগ অনুযায়ী, প্রতিদিন ১৫ ঘণ্টা কাজ করলেও হিসাব করা হতো ১২ ঘণ্টার। নির্ধারিত মজুরির ৭০ শতাংশই চলে যেত মধ্যস্বত্বভোগীর পকেটে। বাকি অর্থও নিয়মিত পরিশোধ করা হতো না। কয়েক মাস কাজ করার পর পাওনা টাকা না দিয়েই তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।

২০ শ্রমিকের মজুরি আটকে রাখার অভিযোগ

সোহেলের অভিযোগ, চীনা ওই প্রতিষ্ঠানে শ্রমিক সরবরাহকারী হিসেবে কাজ করতেন মানিক হাওলাদার এবং ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন নিরব হাওলাদার। গত মে মাসে তারা ১০ জন বাংলাদেশি ও ১০ জন পাকিস্তানি শ্রমিককে কাজে নিয়োগ দেন। শ্রমিকদের দিয়ে প্রতিদিন ১৫ ঘণ্টা কাজ করানো হলেও বিভিন্ন অজুহাতে হিসাবের খাতায় ১২ ঘণ্টা দেখানো হতো।

সোহেল জানান, পাঁচ মাস কাজ করানোর পর ঈদের সময় শ্রমিকদের জনপ্রতি মাত্র ২ হাজার রিয়াল করে দেওয়া হয়। বাকি পাওনা টাকা দেওয়ার কথা বলে দিনের পর দিন ঘোরানো হয়। পাঁচ মাস অপেক্ষার পরও বকেয়া মজুরি না পেয়ে তারা টাকা চাইলে মানিক হাওলাদার তাদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে সোহেলসহ ২০ জন শ্রমিককে প্রায় খালি হাতে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।

সোহেলের দাবি, মানিক ও নিরব সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাসকারী এই দুজনের বিরুদ্ধে অসহায় প্রবাসীদের প্রতারণার অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিক মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও মানিক কিংবা নিরবের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আকামা সংকটকে পুঁজি করে প্রতারণা

সৌদি আরবে এ ধরনের প্রতারণার অভিযোগ অহরহ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম।

তিনি আমার দেশকে বলেন, নানা কারণে সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানি কমে গেছে। সময়মতো ভিসা ও আকামা নবায়ন না হওয়াসহ বিভিন্ন জটিলতায় বিপুলসংখ্যক প্রবাসী সেখানে মানবেতর জীবনযাপন করছেন। তাদের এই দুর্বল অবস্থাকে কাজে লাগিয়ে মধ্যস্বত্বভোগী একটি চক্র নানা কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে। পুলিশের ভয়ে অনেক ভুক্তভোগী নির্যাতন ও প্রতারণার প্রতিবাদ করার সাহসও পান না।

সৌদি আরবে ঠিক কতসংখ্যক বাংলাদেশি আকামা জটিলতায় রয়েছেন, সে বিষয়ে সরকারের সর্বশেষ একক ও সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। তবে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটিতে বসবাসরত প্রায় ৩০ থেকে ৩৮ লাখ বাংলাদেশির মধ্যে আনুমানিক ১০ থেকে ১২ লাখ শ্রমিকের বৈধ আকামা নেই বলে দাবি করা হচ্ছে। তাদের অনেকের নাম ‘হুরুব’ বা কর্মস্থল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগসংক্রান্ত তালিকায় রয়েছে।

এ ছাড়া বৈধ কাগজপত্রের অভাব ও অন্যান্য আইনি জটিলতায় প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি সৌদি আরবের বিভিন্ন কারাগারে রয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা গেছে।

দেশ থেকেই শুরু প্রতারণার ফাঁদ

ভুক্তভোগী প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সংকটের শুরু অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকেই। একশ্রেণির অসাধু রিক্রুটিং এজেন্সি ও দালাল ফ্রি ভিসার প্রলোভন দেখিয়ে কর্মীদের সৌদি আরবে পাঠায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা বুঝতে পারেন, সৌদি আরবের প্রচলিত শ্রম ও অভিবাসন ব্যবস্থায় কথিত ফ্রি ভিসার কোনো স্বতন্ত্র বৈধ কাঠামো নেই।

নির্দিষ্ট কফিল বা নিয়োগকর্তার অধীনে কাজের ব্যবস্থা না হওয়া, আকামা নবায়নের খরচ বহন করতে না পারা এবং নিয়োগকর্তার অসহযোগিতার কারণে অনেক শ্রমিক অনিয়মিত অবস্থায় পড়ে যান। অভিযোগ রয়েছে, কোনো কোনো নিয়োগকর্তা ইচ্ছাকৃতভাবে আকামা নবায়ন না করে কর্মীর বিরুদ্ধে হুরুবের অভিযোগও করেন। এতে প্রবাসীরা আরও জটিল আইনি পরিস্থিতির মুখে পড়েন।

পুলিশের ভয় দেখিয়ে অর্থ আদায়

প্রবাসীদের ভাষ্য, আকামা না থাকলে সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার, জেল-জরিমানা কিংবা দেশে ফেরত পাঠানোর আশঙ্কা থাকে। এই ভয়কে কাজে লাগায় স্থানীয় ও বাংলাদেশি দালালদের একটি চক্র।

তারা নতুন কফিলের অধীনে চাকরি বা স্পন্সরশিপ পরিবর্তন, আকামা নবায়ন কিংবা হুরুবের অভিযোগ নিষ্পত্তির আশ্বাস দিয়ে বিপুল অর্থ দাবি করে। অনেক ক্ষেত্রে টাকা নেওয়ার পরও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ করা হয় না।

বৈধ কাগজপত্র না থাকায় অনেক প্রবাসী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাচ্ছেন না। বাধ্য হয়ে কম মজুরিতে অনিরাপদ পরিবেশে কাজ করতে হচ্ছে তাদের। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তারা বেতনও আটকে রাখছেন। স্বাস্থ্যবিমা না থাকায় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়ছে। ব্যাংকিং সুবিধা ব্যবহারেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। এমনকি পরিবারের জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চাইলেও জরিমানা ও এক্সিট ভিসাসংক্রান্ত আইনি জটিলতায় পড়তে হচ্ছে অনেককে।

সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় উদ্যোগ

আকামা সংকটে থাকা প্রবাসীদের সঙ্গে প্রতারণার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে অপারগতা জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে তিনি আমার দেশকে জানান, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনায় সম্প্রতি কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, মূল কফিল আকামা নবায়ন না করলে কর্মীরা যেন সহজে অন্য নিয়োগকর্তার অধীনে যেতে পারেন, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সুযোগ তৈরি করেছে। এ ছাড়া আঞ্চলিক সংঘাত ও ফ্লাইট বিপর্যয়ের কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া ২২ হাজারের বেশি প্রবাসীর মধ্যে যাদের আকামার মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য ইলেকট্রনিক ব্যবস্থায় সৌদি আরবে প্রবেশের বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের আকামা জটিলতা নিরসন, বকেয়া মজুরি আদায় এবং দালালচক্রের প্রতারণা বন্ধে কার্যকর নজরদারি ও আইনি সহায়তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যথায় জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া শ্রমিকদের একটি বড় অংশ প্রতারণা ও অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাতে বাধ্য হবেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad