মূল্যস্ফীতি কেবল অর্থনীতির কোনো পরিসংখ্যান নয়; এটি সাধারণ মানুষের প্রতিদিনের জীবনযাত্রাকে সরাসরি প্রভাবিত করে। সন্তানের পড়াশোনা, চিকিৎসা, খাবার কিংবা পরিবারের প্রয়োজনীয় ব্যয়—সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান মূল্যস্ফীতিকে এমন এক ধরনের কর হিসেবে ব্যাখ্যা করেছেন, যা প্রচলিত করব্যবস্থার বাইরে থেকেও মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দেয়। অর্থাৎ ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ অপরিবর্তিত থাকলেও সেই অর্থ দিয়ে আগের মতো পণ্য ও সেবা কেনা যায় না।
বাংলাদেশ গত কয়েক বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে। ২০২২ সালের জুলাইয়ে জ্বালানির দাম গড়ে ৪৭ শতাংশ বাড়ানোর পরের মাসেই মূল্যস্ফীতি ৭ দশমিক ৪৮ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছায়। পরবর্তী সময়ে জ্বালানির মূল্যবৃদ্ধি ও অন্যান্য ব্যয় বৃদ্ধির প্রভাবও বাজারে পড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। আগস্টে তা কমে দাঁড়ায় ৮ দশমিক ২৬ শতাংশে। তবে মূল্যস্ফীতির হার কমে যাওয়ার অর্থ পণ্যের দাম কমে যাওয়া নয়; বরং আগের তুলনায় দাম বাড়ার গতি কিছুটা কমে আসা। একবার পণ্যের দাম বেড়ে গেলে তা সহজে আগের অবস্থায় ফিরে আসে না। ফলে মানুষের হারানো ক্রয়ক্ষমতাও স্বয়ংক্রিয়ভাবে পুনরুদ্ধার হয় না।
আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০২ শতাংশে দাঁড়ালেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩২ শতাংশ হয়েছে। অর্থাৎ খাদ্যের পাশাপাশি বাসাভাড়া, চিকিৎসা, যাতায়াত ও শিক্ষার মতো খাতেও ব্যয় বাড়ছে। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ, যা সার্বিক মূল্যস্ফীতির তুলনায় কম। ফলে কাগজে-কলমে আয় বাড়লেও বাস্তবে মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরছে না।
সঞ্চয়ের প্রকৃত মূল্য কমছে
উচ্চ মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ব্যাংকে টাকা জমা রাখা সাধারণ আমানতকারীদের ওপর। বাংলাদেশ ব্যাংকের তথ্য উদ্ধৃত করে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৫ সালে ব্যাংকের গড় আমানতের সুদের হার ছিল প্রায় ৬ শতাংশ। অন্যদিকে, বছরের অধিকাংশ সময় মূল্যস্ফীতি ছিল ৮ থেকে ৯ শতাংশের মধ্যে। ফলে আমানতকারীরা প্রকৃত অর্থে ঋণাত্মক মুনাফা পেয়েছেন। অর্থাৎ সুদ যোগ হওয়ার পরও মূল্যস্ফীতির তুলনায় তাঁদের সঞ্চয়ের ক্রয়ক্ষমতা কমেছে।
এ পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে ব্যাংকে টাকা রাখার আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। মানুষ জমি, স্বর্ণ কিংবা তাৎক্ষণিক ভোগের দিকে ঝুঁকতে পারেন। অথচ একটি উন্নয়নশীল অর্থনীতিতে বিনিয়োগ ও মূলধন গঠনের জন্য ব্যাংক আমানতের ওপর মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানত কমে গেলে ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। এর প্রভাব পড়বে ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের ওপর।
অন্যদিকে, জ্বালানির মূল্যবৃদ্ধি উৎপাদন ও সরবরাহব্যবস্থার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। কৃষিপণ্য পরিবহন, শিল্পকারখানার উৎপাদন, বিদ্যুৎ সরবরাহসহ অর্থনীতির প্রায় সব খাতই জ্বালানির ওপর নির্ভরশীল। ফলে জ্বালানির দাম বাড়লে তার প্রভাব একপর্যায়ে পণ্য ও সেবার বাজারমূল্যে পড়ে। শিল্প খাতে গ্যাসসংকটের সঙ্গে বাড়তি জ্বালানি ব্যয় যুক্ত হওয়ায় উদ্যোক্তাদের উৎপাদন পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়ছে। বিশ্বব্যাংকও বেসরকারি বিনিয়োগের স্থবিরতাকে দেশের অর্থনীতির অন্যতম দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছে।
সবচেয়ে বেশি চাপে নিম্ন আয়ের মানুষ
মূল্যস্ফীতির সবচেয়ে বড় বোঝা বহন করতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। উচ্চ আয়ের পরিবার অনেক ক্ষেত্রে ব্যয় কমিয়ে পরিস্থিতি সামাল দিতে পারে। কিন্তু দরিদ্র পরিবারের ক্ষেত্রে খাবারের পুষ্টি, চিকিৎসা কিংবা সন্তানের শিক্ষার ব্যয় কমানো ছাড়া বিকল্প থাকে না।
বিশ্বব্যাংকের হিসাবে, দেশে দারিদ্র্যের হার ২০২২ সালে ১৮ দশমিক ৭ শতাংশ থাকলেও ২০২৫ সালে বেড়ে ২১ দশমিক ৪ শতাংশ হয়েছে। এ সময়ে প্রায় ১৪ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের ঝুঁকিতে পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। আকস্মিক অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা কর্মসংস্থানের সংকট তাঁদের আর্থিক অবস্থাকে আরও দুর্বল করে দিতে পারে।
মূল্যস্ফীতির প্রভাব শুধু বর্তমান জীবনযাত্রার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের ওপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। পরিবারের আর্থিক সংকটের কারণে শিশুরা পর্যাপ্ত পুষ্টি ও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হলে ভবিষ্যতে তাদের স্বাস্থ্য ও কর্মদক্ষতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এভাবে ব্যক্তিগত আর্থিক সংকট একপর্যায়ে দেশের মানবসম্পদ উন্নয়নের জন্যও বড় বাধা হয়ে দাঁড়ায়।
অমর্ত্য সেনের উন্নয়ন-দর্শনে মানুষের সক্ষমতা ও নিজের পছন্দমতো জীবন বেছে নেওয়ার সুযোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই বিবেচনায় মূল্যস্ফীতি শুধু মানুষের পকেটের অর্থ কমায় না, বরং শিক্ষা, চিকিৎসা ও জীবনযাত্রার প্রয়োজনীয় সুযোগ গ্রহণের সক্ষমতাও সংকুচিত করে।
একজন প্রবীণ ব্যক্তি মাসে পাঁচ হাজার টাকা ভাতা পেলেও ওষুধ ও খাবারের দাম বেড়ে গেলে সেই অর্থ দিয়ে আগের মতো প্রয়োজন মেটাতে পারেন না। তাই সামাজিক নিরাপত্তা কর্মসূচির সাফল্য কেবল বরাদ্দের পরিমাণ দিয়ে বিচার করলে চলবে না; বরং সেই অর্থ দিয়ে মানুষ বাস্তবে কতটুকু প্রয়োজন মেটাতে পারছেন, সেটিও বিবেচনায় নিতে হবে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি
অর্থনীতির এই চাপ মোকাবিলায় বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ যথেষ্ট নয়। প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। প্রথমত, মুদ্রানীতি ধারাবাহিক ও বিশ্বাসযোগ্য রাখতে হবে। আমানতের সুদের হার এমন পর্যায়ে রাখা প্রয়োজন, যাতে সাধারণ সঞ্চয়কারীরা মূল্যস্ফীতির কারণে দীর্ঘমেয়াদে সঞ্চয়ের ক্রয়ক্ষমতা হারানোর ঝুঁকিতে না পড়েন।
দ্বিতীয়ত, জ্বালানির মূল্য সমন্বয়ের ক্ষেত্রে হঠাৎ বড় ধরনের মূল্যবৃদ্ধি এড়িয়ে ধাপে ধাপে এবং আগাম ঘোষণা দিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে উৎপাদন ব্যাহত না হয়।
তৃতীয়ত, বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং কৃষিপণ্যের সংরক্ষণ ও পরিবহন ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে। চতুর্থত, বয়স্কভাতা, পেনশন ও নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা সহায়তা আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করতে হবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এসব ভাতা নিয়মিত সমন্বয় করাও জরুরি।
পাশাপাশি ব্যাংক খাতে শৃঙ্খলা, বিনিয়োগবান্ধব নীতি, সহজ ঋণপ্রাপ্তি এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। বেসরকারি বিনিয়োগ ও উৎপাদন বাড়ানো গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দীর্ঘমেয়াদে বাজারের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে সহায়তা করবে।
সবশেষে বলা যায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সাফল্য শুধু সরকারি পরিসংখ্যানে মূল্যস্ফীতির হার কমে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। সাধারণ মানুষ আগের তুলনায় স্বস্তিতে বাজার করতে পারছেন কি না, তাঁদের সঞ্চয়ের প্রকৃত মূল্য রক্ষা পাচ্ছে কি না এবং আয় দিয়ে পরিবারের প্রয়োজন মেটাতে পারছেন কি না—এসবই হওয়া উচিত অর্থনৈতিক নীতির সাফল্য পরিমাপের প্রধান মানদণ্ড।
মানুষের হাতে থাকা অর্থের ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনতে না পারলে মূল্যস্ফীতি শুধু বর্তমান ভোগব্যয় নয়, অতীতের সঞ্চয় এবং ভবিষ্যতের সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করবে।

প্রথম দর্পণ,ডেস্ক