প্রথমবার বিশ্বকাপে খেলবে কুরাসাও, উজবেকিস্তান, জর্ডান ও কেপ ভার্দে

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২৫ মে ২০২৬, ০৫:১৬ বিকাল
  • ৩৪০৬৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রথমবার বিশ্বকাপে খেলবে কুরাসাও, উজবেকিস্তান, জর্ডান ও কেপ ভার্দে

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে নানা দিক থেকে ব্যতিক্রমী। এবারই প্রথম ৪৮ দল নিয়ে মাঠে গড়াবে ফুটবলের সবচেয়ে বড় আসর। আর সেই বিস্তৃত পরিসরের বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে চার নতুন দেশ— কুরাসাও, উজবেকিস্তান, জর্ডান ও কেপ ভার্দে।

বিশ্বকাপে অভিষেক হওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও। মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশটির আয়তন ১৭১ বর্গমাইল, যা ঢাকা শহরের চেয়েও সামান্য বড়। বিশ্বকাপে অংশ নেওয়া ইতিহাসের অন্যতম ক্ষুদ্র দেশ হিসেবেও নাম লেখাতে যাচ্ছে তারা।

জামাইকার বিপক্ষে ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে কুরাসাও। একসময় ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫০-এর নিচে থাকা দলটি বর্তমানে উঠে এসেছে ৮০-এর ঘরে। ছোট দেশটির এই উত্থান ইতোমধ্যে ফুটবল বিশ্বে অনুপ্রেরণার গল্প হিসেবে আলোচিত হচ্ছে।

প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে উঠেছে এশিয়ার উজবেকিস্তানও। এর আগে ২০০৬ জার্মানি ও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বে খুব কাছাকাছি গিয়েও মূল আসরের টিকিট হাতছাড়া হয়েছিল তাদের। তবে এবার আর হতাশ হতে হয়নি উজবেকদের। বর্তমান দলে থাকা একঝাঁক প্রতিভাবান ফুটবলারের নৈপুণ্যে ইতিহাস গড়েছে মধ্য এশিয়ার দেশটি।

বিশ্বকাপের নতুন মুখের তালিকায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানও। প্রায় চার দশক আগে প্রথমবার বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়ার পর টানা নয়বার ব্যর্থ হয়েছিল তারা। অবশেষে এএফসি বাছাইপর্বের ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জর্ডান।

আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেও জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল আসরে। প্রায় ছয় লাখ জনসংখ্যার দেশটির এই সাফল্য দীর্ঘদিনের পরিকল্পনা ও কাঠামোগত উন্নয়নের ফল। ১৯৯০ সালে প্রথমবার বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়ার পর থেকেই ধাপে ধাপে নিজেদের ফুটবল অবকাঠামো শক্তিশালী করেছে দেশটি।

কেপ ভার্দের সাফল্যের অন্যতম কারণ ইউরোপে বসবাসরত কেপ ভার্দে বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করা। বর্তমান স্কোয়াডে নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ছয়জন ফুটবলার রয়েছেন। এছাড়া আয়ারল্যান্ডে জন্ম নেওয়া একজন ডিফেন্ডারও আছেন দলে। জানা গেছে, ওই ফুটবলারকে লিংকডইনের মাধ্যমে খুঁজে পেয়েছিল কেপ ভার্দে ফুটবল কর্তৃপক্ষ।

২০২৬ বিশ্বকাপে এই চার নতুন দলের অংশগ্রহণ ফুটবলে নতুন সম্ভাবনা ও বৈচিত্র্যের বার্তা দিচ্ছে। ছোট দেশ কিংবা দীর্ঘদিনের ব্যর্থতা— সব বাধা পেরিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্ন যে বাস্তবে রূপ নিতে পারে, সেটিই প্রমাণ করেছে কুরাসাও, উজবেকিস্তান, জর্ডান ও কেপ ভার্দে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad