মাদক ও উগ্রবাদ প্রতিরোধে সচেতনতার আহ্বান আইনমন্ত্রীর
মাদক ও উগ্রবাদ থেকে সমাজকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মাদক ও মৌলবাদী অপতৎপরতা যেন সমাজকে গ্রাস করতে না পারে, সে জন্য সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৯ মে) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “শৈলকুপার এই অঞ্চলে একটি অপশক্তি বেহেশতের টিকিট বিক্রির নামে নানা তৎপরতা চালাচ্ছে। এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র হিসেবে আপনাদের প্রতি আমার আহ্বান—সচেতন থাকুন এবং সমাজকে বিভ্রান্তি ও অপসংস্কৃতি থেকে রক্ষা করুন।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও উগ্রবাদ থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম এবং ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক