বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং রাজনৈতিক, বাণিজ্য ও যোগাযোগ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং আলী আহমাদ মাবরুর বৈঠকে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী সার্বিক অবস্থা, দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ-সুইডেন সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা প্রকাশ করেন।
এছাড়া বৈঠকে জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন, প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সংকট এবং সুইডেনের অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও মতবিনিময় হয়।
কূটনৈতিক সূত্র জানায়, আলোচনায় বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায় এবং এ ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির আশা ব্যক্ত করা হয়।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার