‘গাজা থেকে ইরান—মানবতার বিরুদ্ধে সব ধরনের জুলুম বন্ধ করতে হবে’
ঢাকা, ২৪ জুন : মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে চলমান নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২৬ জুন ‘নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে নারী, শিশু ও সাধারণ মানুষ এখনো সহিংসতা ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছে, যা মানবতার জন্য গভীর উদ্বেগের বিষয়।
বিবৃতিতে গোলাম পরওয়ার দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক দমন-পীড়ন, নারী ও শিশু নির্যাতন এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক, আইনজীবী ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি করা হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “আধুনিক বিশ্বে এখনো বিভিন্ন দেশে সংঘাত, যুদ্ধ ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিরীহ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। গাজাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে নারী ও শিশুসহ অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরানেও সাধারণ মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। মানবতার স্বার্থে এসব সহিংসতা ও নির্যাতন অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”
জাতিসংঘ ঘোষিত এই আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিবৃতির শেষাংশে তিনি রাজনৈতিক বা অন্য কোনো কারণে কারাবন্দি ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার