এমবাপ্পের জোড়া আঘাতে সুইডেন বিদায়, গোলের রেকর্ডে মেসির কাঁধে কাঁধ ফ্রান্স তারকার

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০১ জুলাই ২০২৬, ০৮:৩৮ সকাল
  • ১৭৪৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত নৈপুণ্যে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। জোড়া গোল করে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসির সমতায় পৌঁছেছেন ফরাসি এই তারকা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে ফ্রান্স। একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় বিরতির আগমুহূর্ত পর্যন্ত। ২১ মিনিটে এমবাপ্পের করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর বারকোলা, রাবিও, অলিসে ও এমবাপ্পের একাধিক প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়, দুটি শট ফিরে আসে গোলবারে লেগে।

অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে মাইকেল অলিসের নিখুঁত পাস থেকে বক্সের বাম প্রান্তে বল পেয়ে অসাধারণ দক্ষতায় রক্ষণভাগ কাটিয়ে নিচু শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। গোল উদযাপনের সময় সম্প্রতি মাকে হারানো কোচ দিদিয়ের দেশমকে জড়িয়ে ধরে আবেগঘন মুহূর্তের জন্ম দেন তিনি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ৫৩ মিনিটে অলিসের আরেকটি দৃষ্টিনন্দন পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। এরপর ৭৪ মিনিটে আবারও অলিসের অ্যাসিস্ট কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। বক্সের বাম দিক থেকে নেওয়া তার নিখুঁত শটে কোনো সুযোগই পাননি সুইডিশ গোলরক্ষক।

এই জোড়া গোলে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি লিওনেল মেসির সমতায় পৌঁছেছেন। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে তার মোট গোলসংখ্যা হয়েছে ১৮, যা তাকে সর্বকালের অন্যতম সেরা গোলদাতাদের কাতারে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

স্কোরলাইন বড় না হলেও সুইডেনের গোলরক্ষক জেটারস্ট্রমের একাধিক দুর্দান্ত সেভ না থাকলে ব্যবধান আরও বাড়তে পারত। পুরো ম্যাচে ফ্রান্স ২৫টি শট নেয়, যার ১২টি ছিল লক্ষ্যে। বিপরীতে সুইডেনের আটটি শটের কোনোটিই ফরাসি রক্ষণকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি।

এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে, যারা টাইব্রেকারে জার্মানিকে বিদায় দিয়ে জায়গা করে নিয়েছে। ১৯৯৮ সালের বিশ্বকাপের শেষ ষোলোতেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল ফ্রান্স। প্রায় তিন দশক পর আবারও বিশ্বকাপের নকআউট মঞ্চে দেখা হচ্ছে তাদের।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad