চলমান ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে আলোচনায় রয়েছে ফ্রান্স। টানা দুই আসরে (২০১৮ ও ২০২২) ফাইনাল খেলার পর এবারও দলটি শিরোপা দৌড়ে এগিয়ে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তবে এসব মূল্যায়নকে গুরুত্ব দিচ্ছেন না স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার বিশ্বাস, শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতবে স্পেনই।
নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে ইয়ামাল বলেন, ফ্রান্স স্পেনের চেয়ে শক্তিশালী—এমন ধারণার কোনো ভিত্তি নেই। তার মতে, গ্রুপ পর্বে স্পেন প্রত্যাশামাফিক খেলতে না পারলেও দলটি ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরছে এবং শিরোপা জয়ের মতো সামর্থ্য তাদের রয়েছে।
মাত্র ১৮ বছর বয়সী এই উইঙ্গার স্মরণ করিয়ে দেন, উয়েফা ইউরো ২০২৪-এ স্পেন ফ্রান্সকে হারিয়েছিল। তাই শুধুমাত্র গ্রুপ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে ফরাসিদের এগিয়ে রাখা ঠিক হবে না।
স্প্যানিশ গণমাধ্যম তিয়েম্পো দে খুয়েগো অনুষ্ঠানে ইয়ামাল বলেন, “এমন কোনো দল নেই, যাকে হারানো অসম্ভব। ফ্রান্স আমাদের চেয়ে ভালো নয়। ইউরোতেও তারা আমাদের হারাতে পারেনি। এই টুর্নামেন্টে নির্দিষ্ট কোনো ফেভারিট নেই। আমি সবসময় বিশ্বাস করি, আমরা বিশ্বকাপ জিততে পারব।”
মাঠের বাইরেও নিজের মানসিক দৃঢ়তার কথা তুলে ধরেন ইয়ামাল। তিনি জানান, জীবনে চোট পেয়ে কিংবা মাকে কাঁদতে দেখে তার চোখে জল এসেছে, কিন্তু বিশ্বকাপ জিতলেও তিনি আবেগে ভেঙে পড়বেন বলে মনে করেন না।
তিনি বলেন, “আমি খুব সহজে আবেগপ্রবণ হই না। বিশ্বকাপ জিতলেও সম্ভবত কাঁদব না।”
বিশ্বকাপ জয়ের স্মৃতি হিসেবে ট্যাটু করানোর প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন স্প্যানিশ এই ফুটবলার। তিনি বলেন, “আমি মুসলিম, তাই ট্যাটু করি না। আর করলেও কোনো মানুষের ছবি ট্যাটু করতাম না।”
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও ইয়ামালের মতে, আসল পরীক্ষা শুরু হচ্ছে নকআউট পর্বে। তার ভাষায়, সুন্দর ফুটবলের চেয়ে জয়ই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সময়ের সঙ্গে দলের পারফরম্যান্স আরও উন্নত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাউন্ড অব ৩২-এ স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। সেই বাধা পেরোতে পারলে পরবর্তী ধাপে ফ্রান্সের বিপক্ষে বহুল প্রতীক্ষিত লড়াইয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। সেক্ষেত্রে ইয়ামালের আত্মবিশ্বাসী বক্তব্যের প্রকৃত পরীক্ষা হবে মাঠেই।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স