কঠিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে জয় নিশ্চিত করেও আত্মতুষ্ট নন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর নিজের দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা সমালোচনা করেছেন তিনি।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মেসি বলেন, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। বিশেষ করে প্রতিপক্ষের ওপর কার্যকর প্রেসিং গড়ে তুলতে না পারায় পুরো ম্যাচজুড়েই দলকে ভুগতে হয়েছে।
মেসি বলেন, “এই দলটি অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। আজ আমরা সেট-পিস থেকে গোল করতে পেরেছি, যা আগের কয়েকটি ম্যাচে হয়নি। বড় টুর্নামেন্টে সেট-পিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দলে হেডে দক্ষ কয়েকজন খেলোয়াড় রয়েছে এবং আমরা এই বিষয়টি নিয়ে নিয়মিত অনুশীলন করেছি। আজ তার সুফল পেয়েছি।”
তবে দলের দুর্বলতাও অকপটে তুলে ধরেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
তিনি বলেন, “আমরা ওদের ওপর ঠিকভাবে চাপ সৃষ্টি করতে পারিনি। অনেক সময় দুই লাইনের মধ্যে দূরত্ব এতটাই বেড়ে যাচ্ছিল যে আমাদের সেন্টার-ব্যাকদের বিশাল জায়গা সামলাতে হচ্ছিল। আমরা অগোছালো ছিলাম। কেপ ভার্দে সব সময় বলের দখলে না থাকলেও তারা আমাদের কঠিন পরীক্ষায় ফেলেছে। কারণ আমরা কার্যকর প্রেসিং করতে ব্যর্থ হয়েছি।”
মেসির মতে, প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে নেওয়ার সুযোগ ছিল না। তিনি বলেন, “আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। কারণ কেপ ভার্দে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষেও দারুণ খেলেছে। প্রথম গোলের পর মনে হয়েছিল আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেব। কিন্তু উল্টো আমরা বলের দখল হারিয়ে ফেলি, রক্ষণাত্মক হয়ে পড়ি এবং প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখতে পারিনি।”
তবে এই কঠিন লড়াই থেকেও ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।
তার ভাষায়, “এ ধরনের টুর্নামেন্টে কোনো ম্যাচই সহজ নয়। এখানে কেউ কাউকে ছাড় দেয় না। আমরা প্রতিটি প্রতিপক্ষকে সম্মান করি। আজ আমাদের কিছু ভালো দিক ছিল, আবার ভুলও হয়েছে অনেক। এখন বিশ্রাম নিয়ে সেই ভুলগুলো শুধরে আরও শক্তভাবে ফিরতে হবে।”
কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা আর্জেন্টিনার সামনে এবার অপেক্ষা করছে আরেক কঠিন চ্যালেঞ্জ। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ মিসর। মেসির বিশ্বাস, বিশ্বকাপের এই পর্যায়ে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো কঠিন এবং সেই প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স