গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৫ জুলাই ২০২৬, ০১:১১ দুপুর
  • ১০৯৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। একই সঙ্গে তিনি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিবৃতিতে সেলিম উদ্দিনের দাবি, সরকারের নীরবতা ও উদাসীনতার কারণে চাঁদাবাজির ঘটনা বাড়ছে এবং এর প্রধান ভুক্তভোগী হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

তিনি উল্লেখ করেন, গত ৪ জুলাই বিকেলে গুলিস্তানে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীরা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করলে একদল হামলাকারী তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন বলে তিনি দাবি করেন। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সেলিম উদ্দিন আরও অভিযোগ করেন, প্রকাশ্য স্থানে এমন ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর মতে, অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিবৃতিতে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জনগণ আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের প্রত্যাশা করেছিল। তবে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ, দোষীদের আইনের আওতায় আনা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad