নড়াইলে টানা তিন দিনের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন ডাকাতি মামলার আসামি এবং একজন লুণ্ঠিত মালামাল কেনার অভিযোগে আটক হয়েছেন।
পুলিশ জানায়, গত ৮ জুন নড়াইল জেলার নড়াগাতী থানার পাখিমারা গ্রামে এক কৃষকের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর জেলা পুলিশের বিশেষ দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— খুলনা জেলার তেরখাদা উপজেলার জেকের আলী (৪৮), দীন ইসলাম মোল্যা (৪২), রূপসা উপজেলার আইচগাতি গ্রামের সরজিৎ কর (৪৫), নড়াইল সদর উপজেলার কলাবাড়িয়া গ্রামের জাকির হোসেন ওরফে কাটাপ্পা (৫৪), কালিয়া উপজেলার জোকারচর গ্রামের পারভেজ মৃধা (৩৬) এবং শুক্তগ্রামের মফিজ খাঁ (৩৮)।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পাখিমারা গ্রামের ডাকাতির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তদন্তে জানা গেছে, স্বর্ণকার সরজিৎ কর লুণ্ঠিত স্বর্ণালংকার কিনেছিলেন। অন্যদিকে, তার বাইরে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, ডাকাতির সময় লুট করা স্বর্ণালংকার গলিয়ে ফেলা হলেও সেগুলো উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নড়াইল জেলা পুলিশ।

প্রথম দর্পণ,ডেস্ক