‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী রানী মোদক দায়ী থাকবেন’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’—ফেসবুকে এমন দুটি পোস্ট দিয়ে আলোচনায় আসা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান বর্তমানে অনেকটাই সুস্থ। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রোববার বিকেলে তিনি নিজ বাড়ি চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সেখানে কিছুদিন বিশ্রাম নিয়ে কর্মস্থলে ফিরবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পোস্ট দুটি দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন আরিফুর রহমান। প্রথমে তাঁকে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদকের সঙ্গে তাঁর বিরোধের গুঞ্জন ছড়ায়।
তবে জেলা প্রশাসন জানিয়েছে, তাঁদের মধ্যে বিরোধ থাকার কোনো ভিত্তি পাওয়া যায়নি।
ইউএনওর সঙ্গে বিরোধের ভিত্তি নেই: জেলা প্রশাসনসুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, জামালগঞ্জের ইউএনও ও এসিল্যান্ডকে ঘিরে সৃষ্ট ঘটনা পর্যালোচনা করে তাঁদের সম্পর্ক খারাপ হওয়ার মতো কোনো বিষয় পাওয়া যায়নি। তাঁদের মধ্যে বিরোধের যে গুঞ্জন ছড়িয়েছে, তারও কোনো ভিত্তি নেই।
তিনি জানান, ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক মিনিট আগেও আরিফুর রহমান তাঁর পরিবারসহ ইউএনওর বাসায় একটি জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসিল্যান্ডের স্ত্রীর সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, আরিফুর রহমান কিছুদিন ধরে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। ঘটনার তিন দিন আগে জামালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর পর শিশুটির মরদেহ দেখে তিনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।
আরিফুর রহমান কর্মস্থলে ফিরলে শুক্রবার রাতের ঘটনার কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। জেলা প্রশাসন নিয়মিত তাঁর খোঁজখবর রাখছে বলেও উল্লেখ করেন।
পোস্ট মুছে দেন স্ত্রী, বললেন ইউএনওইউএনও শিল্পী রানী মোদক বলেন, প্রথমে তিনি জানতে পেরেছিলেন, এসিল্যান্ডের মোবাইল ফোন হ্যাক হয়েছে। পরে আরিফুর রহমানের স্ত্রী তাঁকে জানান, ফোন হ্যাক হয়নি; পোস্ট দুটি এসিল্যান্ড নিজেই দিয়েছিলেন। পরে তাঁর স্ত্রী পোস্টগুলো মুছে দেন।
ইউএনও আরও বলেন, পোস্ট দেওয়ার ছয় মিনিট আগেও আরিফুর রহমান তাঁর বাসায় ছিলেন। তিনি সুস্থ হয়ে ফিরলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।
শুক্রবার রাতে পোস্ট, পরে হাসপাতালেজানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে আরিফুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথমে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’—এমন একটি পোস্ট দেওয়া হয়। কয়েক মিনিট পর ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে আরেকটি পোস্ট দেওয়া হয়।
পোস্ট দুটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে ইউএনও তাঁর ফেসবুক পেজে এসিল্যান্ডের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা উল্লেখ করে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তবে পরে তিনি জানান, অ্যাকাউন্ট হ্যাক হয়নি; এসিল্যান্ডের স্ত্রী পোস্টগুলো মুছে দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
আরিফুর রহমান প্রায় দুই মাস ধরে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক