সাভারে বিস্ফোরণের পর নাহিদের অভিযোগ: ‘ফ্যাসিস্টদের পুনর্বাসনে বিএনপি জড়িত, নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার’

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৭ জুলাই ২০২৬, ০১:৪৫ দুপুর
  • ২১৬২৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকা: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকার খুব শিগগিরই ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারাবে।

সোমবার রাতে সাভারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, এনসিপির পদযাত্রাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, এটি কেবল আইনশৃঙ্খলার বিষয় নয়; বরং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং হামলার লক্ষ্য ছিল প্রাণহানি ঘটানো।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করা স্থানীয় থানার দায়িত্ব ছিল। কিন্তু পুলিশ সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে প্রকাশ্যে কর্মসূচি পালন করলেও সরকার তা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তাঁর ভাষ্য, প্রশাসনের একাংশের প্রশ্রয়েই এসব কর্মকাণ্ড ঘটছে।

একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন এলাকায় মামলা বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন, অর্থ আদায় এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমও পরিচালিত হচ্ছে। সাভারের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সংসদ সদস্যের সম্পৃক্ততা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যারা ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে কিংবা বোমাবাজির রাজনীতি ফিরিয়ে আনতে চাইবে, জনগণ তাদের প্রতিরোধ করবে।

হামলায় একজন শহীদের বাবা আহত হওয়ার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এ ঘটনা সরকারের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতার প্রতিফলন। তাঁর দাবি, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তিও দুর্বল হয়ে পড়বে।

উল্লেখ্য, সাভারে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad