আর্জেন্টিনা মহারণের আগে ইংল্যান্ড শিবিরে ঐক্যের বার্তা, ‘আমরা সবাই এক সুতায় বাঁধা’

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, ০১:০৫ দুপুর
  • ২২৯৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগে দলকে ঘিরে ছড়িয়ে পড়া বিভেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে ঐক্যের দৃঢ় বার্তা দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তার ভাষায়, খেলোয়াড়, কোচিং স্টাফ ও পুরো দল এখন ‘এক সুতায় বাঁধা’।

গত শনিবার মিয়ামির তীব্র গরমে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে টমাস টুখেলের শিষ্যরা। তবে জয় পেলেও দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না ইংল্যান্ডের জার্মান কোচ। ম্যাচ শেষে তিনি বলেন, দল কিছুটা ভাগ্যবান ছিল এবং পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি।

টুখেলের ওই মন্তব্য নিয়ে জুড বেলিংহামের প্রতিক্রিয়াকে কেন্দ্র করে ব্রিটিশ সংবাদমাধ্যমে ইংল্যান্ড শিবিরে মতবিরোধের খবর প্রকাশিত হয়। ম্যাচ শেষে প্রশ্নের জবাবে কিছুটা ক্লান্ত ও বিরক্ত সুরে বেলিংহাম বলেছিলেন, ‘হ্যাঁ, ঠিক আছে, যা-ই হোক। ওখানে খেলাটা খুব কঠিন ছিল, আমরা কঠিন লড়াই করে এসেছি।’

তবে অধিনায়ক হ্যারি কেইন এসব আলোচনা একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন। বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট পর একজন খেলোয়াড়কে এমন প্রশ্ন করা হলে, আর সে নিজেও যদি না জানে ঠিক কী বলা হয়েছে, তাহলে আপনারা তার কাছ থেকে কী আশা করেন? আমরা মাত্রই একটি কঠিন যুদ্ধ শেষ করেছি। বড় টুর্নামেন্টে ইংল্যান্ড দলকে নিয়ে কৃত্রিম বিভেদ তৈরির চেষ্টা যেন নিয়মে পরিণত হয়েছে।’

কেইন আরও বলেন, ‘বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমরা আজ যে অবস্থানে পৌঁছেছি, তা সম্ভব হয়েছে আমাদের ঐক্যের কারণেই। শুধু খেলোয়াড় নয়, কোচ ও স্টাফ—সবাই একই লক্ষ্যে কাজ করছি। মাঝেমধ্যে খুব সাধারণ বিষয়কে অযথা বড় করে দেখা হয়।’

টমাস টুখেলের কোচিং দর্শন প্রসঙ্গেও ইতিবাচক মন্তব্য করেছেন ইংল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, ‘টুখেল যা বিশ্বাস করেন, তা সরাসরি বলেন। তার কথায় কোনো কৃত্রিমতা নেই। এ কারণেই তাকে বিশ্বাস করা সহজ। তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ এবং গত দুই বছরে আমরা খুব কাছ থেকে তাকে জেনেছি। তিনি কী চান, কীভাবে কাজ করেন—সবই আমাদের জানা।’

মাঠের বাইরের সব আলোচনা পেছনে ফেলে এখন ইংল্যান্ডের পুরো মনোযোগ আটলান্টায় অনুষ্ঠেয় সেমিফাইনালে। প্রতিপক্ষ ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে।

এখন দেখার বিষয়, বিতর্কের সব জল্পনা পেছনে ফেলে ঐক্যবদ্ধ ইংল্যান্ড মাঠের লড়াইয়ে নিজেদের কতটা প্রমাণ করতে পারে এবং ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad