দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৯১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু এবং ৩২৯ জন আক্রান্ত হয়েছিলেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই মাসের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২৬৬ জন এবং এ সময়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুন মাসে আক্রান্ত ছিলেন ২ হাজার ৯০৭ জন, মারা যান ১৩ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক আক্রান্তদের মধ্যে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২ জন, বরিশাল বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে ৩৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৭০ জন। আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ১২ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ওই বছর ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার