ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: চলতি বছরে মৃত্যু ৩৩, আক্রান্ত ১০ হাজার ছাড়াল

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ সকাল
  • ১৮৩২৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৪২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু এবং ৩০৬ জন আক্রান্ত হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে শনিবার (১৯ জুলাই) প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগে ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন, খুলনা বিভাগে ৪০ জন এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন রয়েছেন। একই সময়ে ৯৪ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০৮ জন এবং এ সময় ১৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১২ জনে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে এখন পর্যন্ত ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে, বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ, যেখানে এ পর্যন্ত ২ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মোট আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশাবাহিত এ রোগ প্রতিরোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad