১৭ বছরের গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালই হয়ে থাকল আকাশি-সাদা জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। শিরোপা ধরে রাখতে না পারলেও গর্ব আর আত্মমর্যাদা নিয়েই জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক।
বিশ্বকাপ শুরুর আগেই ওটামেন্ডি ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৬ আসরই হবে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি।
বার্তায় ওটামেন্ডি লিখেছেন, "আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। হয়তো ভাগ্য এমনই ছিল যে, আমার শেষ ম্যাচটি একটি বিশ্বকাপ ফাইনাল। আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, তবে আমি গর্ব নিয়েই বিদায় নিচ্ছি। কারণ এই দল শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে।"
আর্জেন্টিনার জার্সিতে ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওটামেন্ডি। জাতীয় দলের হয়ে তিনি জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ, টানা দুটি কোপা আমেরিকা এবং ফিনালিসিমার শিরোপা। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম নির্ভরযোগ্য সদস্য ছিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।
জাতীয় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "আর্জেন্টিনাকে ধন্যবাদ, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য। এই জার্সি পরা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আমি কখনও বিশ্বাস হারাইনি এবং প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।"
তরুণ ফুটবলারদের উদ্দেশেও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন ওটামেন্ডি। তিনি বলেন, "কখনও বিশ্বাস হারাবে না। অনেক সময় সবকিছু অসম্ভব মনে হতে পারে। কিন্তু এই জার্সি তাদেরই পুরস্কৃত করে, যারা বিনয়, ত্যাগ আর ভালোবাসা দিয়ে এর মর্যাদা রক্ষা করে। মাথা উঁচু রাখো, লড়াই চালিয়ে যাও। কোনো পরাজয় যেন তোমাদের স্বপ্ন কেড়ে নিতে না পারে।"
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন ওটামেন্ডি। ইউরোপে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে দীর্ঘ সময় খেলার পর সম্প্রতি তিনি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন। সেখানেই শুরু হতে যাচ্ছে তার পেশাদার ক্যারিয়ারের নতুন অধ্যায়।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স