২৬ দেশের মিলনমেলা ঢাকায়, প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে জমবে আন্তর্জাতিক আরচ্যারির লড়াই

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, ১২:২৭ দুপুর
  • ২১০৩৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশের আরচ্যারিতে যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের আরেকটি গৌরবময় অধ্যায়। আগামী ৩০ জুলাই থেকে ঢাকায় শুরু হচ্ছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ এবং যৌথ প্রশিক্ষণ (জয়েন্ট ট্রেনিং) প্রোগ্রাম। এ আয়োজনকে ঘিরে রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি ও ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান, যুগ্ম সম্পাদক সোহেল রানা ও রুবেল হোসেন, কোষাধ্যক্ষ সাইদুজ্জামান তুহিন এবং জাতীয় দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক।

সংবাদ সম্মেলনে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, এবারের আয়োজন দুটি অংশে বিভক্ত—যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ। এতে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৬টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৭টি দেশের আর্চার ও কর্মকর্তারা সরাসরি প্রতিযোগিতা ও প্রশিক্ষণে অংশ নেবেন।

তিনি জানান, ওয়ার্ল্ড আর্চারি এশিয়া, ওয়ার্ল্ড আর্চারি, অলিম্পিক সলিডারিটি এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের সময় দেওয়া ‘ওয়ান ভিশন, ওয়ান এশিয়া, ইউনিক এশিয়া’ স্লোগানের প্রতিফলন ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য, এশিয়ার সব দেশকে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে আসাই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, গত নভেম্বরে বাংলাদেশ নিজেদের মাঠে দক্ষিণ কোরিয়াকে দুবার হারিয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো তার নামে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ চালু করা হয়েছে।

মিক্সড টিম ইভেন্ট সম্পর্কে তিনি জানান, প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ছেলে ও মেয়েদের পারফরম্যান্সের ভিত্তিতে দল গঠন করা হবে। একই দেশের খেলোয়াড়রা একসঙ্গে খেলবেন না।

ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান জানান, টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক নিয়মে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের প্রতিযোগিতা আয়োজন করা হবে।

তিনি বলেন, ২৬টি দেশ থেকে আর্চার, কোচ, কর্মকর্তা, অতিথি ও টেকনিক্যাল অফিসিয়ালসহ মোট ১১৪ জন এই আয়োজনে অংশ নেবেন। এ আয়োজন বাংলাদেশের আর্চারি, বিশেষ করে তরুণ আর্চারদের আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৭টি দেশ হলো—আফগানিস্তান, ভুটান, চীন, ভারত, ইরাক, জর্ডান, সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ইয়েমেন এবং স্বাগতিক বাংলাদেশ। এছাড়া অস্ট্রেলিয়া, কোমোরোস, মিশর, ইরান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইপে, তিউনিসিয়া ও উগান্ডা থেকে টেকনিক্যাল অফিসিয়াল ও অতিথিরা অংশ নেবেন। সব মিলিয়ে ২৬টি দেশের প্রতিনিধিত্ব থাকবে এই আন্তর্জাতিক আয়োজনে।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও যৌথ প্রশিক্ষণ কর্মসূচির আর্থিক সহায়তা দিচ্ছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া, আর মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) রয়েছে পৃষ্ঠপোষক হিসেবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad