শনিবার ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহেন এ হুঁশিয়ারি দেন।
কোহেন বলেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালুর চেষ্টা করে, তাহলে ইসরাইল তা ঠেকাতে আবারও হামলা চালাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি হলেও এ অবস্থানের পরিবর্তন হবে না বলে জানান তিনি।
ইসরাইলি এই মন্ত্রী বলেন, ‘ইরান যদি ভুল করে এবং তার পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালুর চেষ্টা করে, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলেও আমরা সেখানে হামলা চালানোর জন্য প্রস্তুত থাকব।’
কোহেনের দাবি, ইসরাইল হামলা না চালালে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে আরও এগিয়ে যেত। ইসরাইলি গোয়েন্দা পর্যালোচনার বরাত দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি দুই থেকে চার বছর পিছিয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই আমাদের সক্ষমতা প্রমাণ করেছি।’
ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে ইসরাইল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এলি কোহেনের সর্বশেষ মন্তব্য সেই উত্তেজনায় নতুন করে আশঙ্কা তৈরি করেছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স