খুলনা সিটির ৬০১ কোটি টাকার বাজেট, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ বিকাল
  • ৯৩৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। তবে আগের অর্থবছরে ঘোষিত বাজেটের মাত্র ৪৭ দশমিক ১২ শতাংশ বাস্তবায়নের বাস্তবতায় নতুন বাজেটের কার্যকর বাস্তবায়ন নিয়েও প্রশ্ন রয়েছে। বিশেষ করে উন্নয়ন তহবিলের বাস্তবায়নের হার ছিল মাত্র ৩৮ দশমিক ৫২ শতাংশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। এ সময় করপোরেশনের আয়-ব্যয়, উন্নয়ন প্রকল্প ও নগর ব্যবস্থাপনার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

কেসিসির তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হলেও সংশোধিত বাজেট দাঁড়ায় ৩৩৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকায়। অর্থাৎ ঘোষিত বাজেটের বিপরীতে বাস্তবায়নের হার ছিল ৪৭ দশমিক ১২ শতাংশ। ওই সময়ে রাজস্ব তহবিল থেকে আয় অর্জনের হার ছিল ৭১ দশমিক ৭০ শতাংশ। উন্নয়ন তহবিলে অর্জন হয়েছে ৩৮ দশমিক ৫২ শতাংশ।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং কয়েকটি প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ায় এবার বাজেটের আকার কমেছে। গত বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় এবার বাজেট কমেছে ১১৭ কোটি ৭১ লাখ ২৯ হাজার টাকা।

আয়-ব্যয়ের খাত

নতুন বাজেটে রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ২২১ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকা। রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৪১ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকা।

উন্নয়ন প্রকল্পের জন্য সরকারি অনুদান হিসেবে রাখা হয়েছে ১৯৭ কোটি ৬২ লাখ টাকা। বিশেষ প্রকল্প অনুদান ধরা হয়েছে ৭৯ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা। সব মিলিয়ে বাজেটের আয়-ব্যয় দাঁড়িয়েছে ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকা।

এবার নতুন কোনো কর আরোপের প্রস্তাব রাখা হয়নি। বকেয়া কর আদায়, নতুন নির্মিত স্থাপনাকে করের আওতায় আনা এবং বাজার, দোকান ও নতুন স্থাপনা থেকে নিজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা করেছে কেসিসি।

উন্নয়ন ও বড় প্রকল্প

নিজস্ব তহবিল থেকে উন্নয়ন খাতে ৭৩ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৫৫ কোটি ২৬ লাখ ৫৬ হাজার টাকা ব্যয় করা হবে জনপূর্ত, অবকাঠামো, সড়কবাতি, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, সামাজিক কল্যাণ, পরিবেশ, জনস্বাস্থ্য, প্রাণিসম্পদ ও পরিচ্ছন্নতা খাতে। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৮ কোটি ৯ লাখ টাকা।

কেসিসির পরিকল্পনায় রয়েছে জিয়া হল কমপ্লেক্স নির্মাণ এবং নগরের বিভিন্ন পার্ক আধুনিকায়ন।

এ ছাড়া নগরের ভৌত অবকাঠামো উন্নয়নে ২ হাজার ২৫৫ কোটি ১ লাখ ২২ হাজার টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ের সভায় অনুমোদন পেয়েছে। অন্যদিকে জিয়া হল কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪১৮ কোটি টাকা। প্রকল্প দুটি শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের কথা রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad