পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৩

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ বিকাল
  • ২৯৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তানিয়া আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। আহত অন্য দুজন হলেন ডেইজি আক্তার (৩৫) ও আখি আক্তার (১৭)।

নানাবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিবি হাসপাতালে নিয়ে যান। পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজওয়ান হোসেন তানিয়াকে মৃত ঘোষণা করেন।

তানিয়ার নানা আমিজুল হক জানান, নাতনিসহ পরিবারের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।

বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর

দুর্ঘটনায় আহত বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাককে বিজিবি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুইমারা শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর দুজন পানছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad