রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাটিবোঝাই ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন নারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুরের বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে একজন, হাসপাতালে দুজনের মৃত্যুপুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিবোঝাই একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী ‘খান এন্টারপ্রাইজ’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।
ধাক্কায় বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তাঁর মরদেহ বড়দরগা হাইওয়ে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় আহত যাত্রীদের পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
পরিচয় মেলেনি নিহতদেরবড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, ড্রাম ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে দুজনসহ মোট তিনজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

প্রথম দর্পণ,ডেস্ক