গাড়ির দরজায় লাথি মেরে ভাঙা, প্রায় চার মিটার উঁচু থেকে লাফ দিয়ে অবতরণ এবং ছুরি হাতে হামলাকারীকে প্রতিহত করা—এমন নানা শারীরিক কসরত প্রদর্শনকারী মানবসদৃশ রোবট উন্মোচন করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিকস। ‘এইচ২-এক্স কুংফু লিজেন্ড গার্ডিয়ান’ নামের রোবটটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
চীনা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রকাশিত ভিডিওতে রোবটটিকে মার্শাল আর্টের বিভিন্ন কৌশল প্রয়োগের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে মানুষকে সহায়তা করার নানা কাজ করতে দেখা গেছে।
গাড়ির দরজা ভাঙা, উঁচু থেকে লাফভিডিওর একটি দৃশ্যে রোবটটিকে পার্ক করা একটি গাড়ির ওপর উঠে ডিগবাজি দিতে দেখা যায়। পরে গাড়িটির দরজায় সজোরে লাথি মারে সেটি। অন্য একটি দৃশ্যে প্রায় চার মিটার উঁচু স্থান থেকে লাফ দিয়ে মাটিতে নেমে আসে রোবটটি।
এ ছাড়া মার্শাল আর্টের বিভিন্ন কৌশল প্রয়োগ করে শারীরিক সক্ষমতা প্রদর্শন করতেও দেখা যায় একে।
হামলাকারীকে প্রতিরোধ, উদ্ধারে সহায়তাভিডিওতে জরুরি পরিস্থিতি মোকাবিলার কয়েকটি দৃশ্যও রয়েছে। এক নারীকে ছুরি হাতে আক্রমণ করতে এগিয়ে আসা ব্যক্তিকে বাধা দিয়ে আটকে রাখতে দেখা যায় রোবটটিকে।
অন্য একটি দৃশ্যে গাড়ির নিচে আটকে পড়া একজনকে উদ্ধারে সহায়তা করতে দেখা যায়। এ ছাড়া দ্রুতগতির গাড়ির সামনে থেকে শিশুর আকৃতির একটি পুতুল সরিয়ে নেওয়ার দৃশ্যও ভিডিওতে দেখানো হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, রোবটটির সর্বোচ্চ স্ট্যান্ডবাই সময় প্রায় আট ঘণ্টা।
দাম ও বাজারে আসার সময় অজানারোবটটির দাম, বাজারে ছাড়ার সম্ভাব্য তারিখ কিংবা বিস্তারিত প্রযুক্তিগত বৈশিষ্ট্য এখনো প্রকাশ করেনি ইউনিট্রি রোবোটিকস। ভিডিওতে প্রদর্শিত কাজগুলো রোবটটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করেছে, নাকি দূর থেকে নিয়ন্ত্রণ করে পরিচালনা করা হয়েছে, সে বিষয়েও প্রতিষ্ঠানটি স্পষ্ট কোনো তথ্য দেয়নি।
সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ারোবটটির ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এর শারীরিক সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেছেন। অন্যদিকে, লড়াই ও সহিংসতাসংশ্লিষ্ট কাজে রোবটকে প্রশিক্ষণ দেওয়ার যৌক্তিকতা এবং সম্ভাব্য ঝুঁকি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক