নিহত শহিদুল্লাহ ডেমরার নড়াইবাগ এলাকার হারুন অর রশিদের ছেলে। তিনি একটি কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
নিহতের ভাই জুয়েল রানা জানান, গত শনিবার চীন ভ্রমণে যান শহিদুল্লাহ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফিরে বাসায় যাওয়ার উদ্দেশে রামপুরা ব্রিজে একটি বাস থেকে নামেন। এ সময় দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৯টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শহিদুল্লাহর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়। পরে রামপুরা থানার অনুমতি নিয়ে পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যান।

প্রথম দর্পণ,ডেস্ক