বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে হওয়ায় শুরু থেকেই আলোচনায় রয়েছেন আরিয়ান খান। চেহারা, ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তার কারণে প্রায়ই বাবার সঙ্গে তুলনা করা হয় তাঁকে। তবে শাহরুখের পরিচয়ের বাইরে নিজের কাজের মাধ্যমে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চান এই তরুণ নির্মাতা। বাবার সঙ্গে তুলনাকে প্রশংসা হিসেবে দেখলেও নিজের সৃজনশীল পরিচয় গড়ে তোলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা এবং পরিচালনার প্রতি আগ্রহ নিয়ে কথা বলেন আরিয়ান। বাবার মতো একজন অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে তুলনা হওয়াকে সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।
আরিয়ান বলেন, ‘এক নম্বর ব্যক্তির সঙ্গে তুলনা হওয়াকে আমি প্রশংসা হিসাবেই দেখি। উনি সত্যিই এক অসাধারণ ব্যক্তিত্ব।’
পরিচালনার প্রতি নিজের আগ্রহের ব্যাখ্যা দিতে গিয়ে আরিয়ান জানান, কোনো ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার পুরো প্রক্রিয়াই তাঁকে আনন্দ দেয়। কাগজে একটি ধারণা লিখে ফেলা থেকে শুরু করে সেটিকে পূর্ণাঙ্গ কাজে পরিণত করা—প্রতিটি ধাপই তাঁর কাছে উপভোগ্য।
গল্প বলার ধরনেই পরিচালকের স্বাতন্ত্র্য
আরিয়ানের মতে, সিনেমায় গল্পের পাশাপাশি সেটি উপস্থাপনের ধরনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই গল্প ভিন্নভাবে বলার মধ্য দিয়েই একজন পরিচালক নিজের স্বতন্ত্রতা তুলে ধরতে পারেন।
তিনি বলেন, গল্প একই থাকতে পারে। কিন্তু সেটিকে কীভাবে নতুনভাবে উপস্থাপন করা যায় কিংবা কীভাবে ভিন্ন মোড় দেওয়া যায়, সেটিই পরিচালকের মূল সৃজনশীলতা।
অভিনয়ের বদলে পরিচালনায় আগ্রহ
শাহরুখ খানের মেয়ে সুহানা খান অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। বর্তমানে বাবার আসন্ন সিনেমা ‘কিং’-এ অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন সুহানা।
অন্যদিকে, অভিনয়ের চেয়ে নির্মাণের প্রতিই বেশি আগ্রহ আরিয়ানের। ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
প্রথম কাজের মধ্য দিয়েই পরিচালনায় নিজের সক্ষমতা তুলে ধরার চেষ্টা করেছেন শাহরুখপুত্র। এখন তাঁর লক্ষ্য গল্প বলার নিজস্ব ধরন তৈরি করে চলচ্চিত্র নির্মাণে আলাদা পরিচিতি প্রতিষ্ঠা করা।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স