বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ঘোষিত দুই স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ স্পিনার কেশভ মহারাজকে। অন্যদিকে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন বর্ন ফরচুইন।
প্রথম টেস্টে পায়ের পেশিতে চোট পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। একই কারণে তাকে দ্বিতীয় টেস্টের দল থেকেও বাদ দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মহারাজ।
সেঞ্চুরিয়নে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। বাভুমার অনুপস্থিতিতে টেস্ট দলের অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম। দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে এনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জিকে। তবে তিনজনই ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন।
বিশ্বকাপের পর ওয়ানডেতে ফিরছেন নরকিয়া
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবারের মতো এই ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন গতিময় পেসার এনরিখ নরকিয়া। এদিকে, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওয়ানডে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন লুঙ্গি এনগিডি।
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে আরও রয়েছেন জেরাল্ড কোয়েটজে, ডুয়ান জানসেন, করবিন বশ ও এনকোবানি মোকোয়েনা।
ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন টেম্বা বাভুমা ছাড়াও এইডেন মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি এবং খেলোয়াড়দের বিশ্রামের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের রাখা হয়নি।
টি-টোয়েন্টি দলে নতুন চমক
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন বর্ন ফরচুইন। চোট কাটিয়ে এই ফরম্যাটের দলে ফিরেছেন তরুণ পেসার কেনা মাফাখা।
দুই ফরম্যাটের দলেই রয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কোয়েশাইল ও ত্রিস্তান স্টাবস।
এদিকে, তরুণ ব্যাটার সিনেথেম্বা কোয়েশাইলের দলে ফেরাও আলোচনায় এসেছে। ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলার পর ঘরোয়া টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। ঘরোয়া টি-টোয়েন্টিতে সাত ইনিংসে ২৭৭ রান করেছেন এই ব্যাটার। তার স্ট্রাইক রেট ১৯৭.৮৫। মাত্র ১৪ বলে অর্ধশতক করে নজর কেড়েছেন তিনি। ঘরোয়া টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ডও রয়েছে তার।
ডিসেম্বরে মাঠে গড়াবে দুই সিরিজ
টেস্ট সিরিজ শেষে আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: কেশভ মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বর্ন ফরচুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, এনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কোয়েশাইল ও ত্রিস্তান স্টাবস।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড: বর্ন ফরচুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজে, কনর এস্তারুইজেন, দোনোভান পেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কেনা মাফাখা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কোয়েশাইল, ত্রিস্তান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

প্রথম দর্পণ,ডেস্ক