দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সেবার মান উন্নত করার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের (বকুল) সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তাগিদ দেন।
সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী পরিবার পরিকল্পনা সেবা নিয়ে আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বছরব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি দেন।
মন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ খাত অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং সেবার মানোন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: দৈনিক আমার দেশ, বিশেষ প্রতিনিধি, ২৩ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক