জাপানের কৃষি খাতে বাংলাদেশি শ্রমিকের নতুন সুযোগ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ দুপুর
  • ১১২০৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রথমবার দুই বাংলাদেশিকে নিয়োগের প্রস্তাব মিরাইয়ের | জাপানে কৃষিশ্রমিকের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫০ জন

জাপানের কৃষি খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ও নেপাল থেকে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে শ্রমিক সংগ্রহে চ্যালেঞ্জ বাড়ায় দক্ষিণ এশিয়ার দিকে ঝুঁকছে জাপান। এরই মধ্যে বাংলাদেশের দুই তরুণকে কৃষিকাজে নিয়োগের প্রস্তাব দিয়েছে জাপানি প্রতিষ্ঠান মিরাই।

সোমবার চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিদেশি শ্রমিক সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়া টোকিওভিত্তিক প্রতিষ্ঠান মিরাই প্রথমবারের মতো বাংলাদেশি শ্রমিক নিয়োগের উদ্যোগ নিয়েছে। জাপানের কৃষি খাতের দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত আগস্টে বাংলাদেশের দুই প্রার্থীকে চাকরির প্রস্তাব দেওয়া হয়। তারা দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আমোরি প্রিফেকচারে শিগগিরই কাজে যোগ দেবেন।

চাকরির প্রস্তাব পাওয়া দুই তরুণের একজন ময়মনসিংহের ২১ বছর বয়সী আহসান হাবিব। তিনি বলেন, জাপানে যাওয়ার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত। দেশটির কৃষিব্যবস্থা সম্পর্কে পড়াশোনা করছেন এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান।

অন্যজন বরিশালের ২০ বছর বয়সী সিয়ামুর রহমান। তিনি বলেন, জাপানে কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞ। সেখানে গিয়ে কঠোর পরিশ্রম করতে চান।

জাপানে কৃষিশ্রমিকের সংখ্যা বাড়ছে

জাপান সরকারের তথ্য অনুযায়ী, দেশটি কৃষি খাতে ‘টাইপ-১’ বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি শ্রমিক নিয়োগ দেয়। এ শ্রেণির কর্মীরা সর্বোচ্চ পাঁচ বছর জাপানে অবস্থান করতে পারেন।

গত বছরের তুলনায় চলতি বছরের জুনে জাপানে কৃষি খাতে বিদেশি শ্রমিকের সংখ্যা ২৬ শতাংশ বেড়ে ৪৪ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে।

জাপানের ইমিগ্রেশন সার্ভিস এজেন্সির তথ্য অনুযায়ী, দেশটিতে কৃষিশ্রমিক সরবরাহে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটি থেকে আসা ১৮ হাজার ২৫৫ জন শ্রমিক জাপানে কাজ করছেন। এ ছাড়া নেপাল থেকে ৯১৬, শ্রীলঙ্কা থেকে ৬৩৮ এবং বাংলাদেশ থেকে ৩৩৪ জন শ্রমিক জাপানে রয়েছেন।

মিরাইয়ের মূল প্রতিষ্ঠান সাসটেইনেবল হোল্ডিংসের ক্যারিয়ার অ্যাডভাইজারি বিভাগের জেনারেল ম্যানেজার ইউজি নোমুরা বলেন, ভিয়েতনাম, ফিলিপাইন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে মজুরি বেড়ে যাওয়ায় সেসব দেশ থেকে কৃষিশ্রমিক আকৃষ্ট করতে জাপানকে ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

তিনি বলেন, শ্রমিক সরবরাহের নতুন উৎস খুঁজতে তারা দক্ষিণ এশিয়ার দিকে ঝুঁকছেন। বাংলাদেশ বড় কোনো কৃষিপ্রধান দেশ না হলেও ১৭ কোটি জনসংখ্যার কৃষিভিত্তিক দেশ হিসেবে এখানে শ্রমিক সংগ্রহের বড় সম্ভাবনা রয়েছে।

দক্ষতা অর্জনে ভাষা ও কৃষি পরীক্ষা

সাসটেইনেবল হোল্ডিংস ২০১৭ সাল থেকে মিরাইয়ের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশ থেকে জাপানে শ্রমিক সরবরাহ করছে। পাশাপাশি তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করছে প্রতিষ্ঠানটি। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা ও নেপালে মিরাইয়ের সহযোগী নিয়োগ প্রশিক্ষণকেন্দ্র রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৮ থেকে ৩০ বছর বয়সী চাকরিপ্রার্থীদের মধ্যে নারীরা মূলত পরিচর্যামূলক কাজে এবং পুরুষেরা কৃষি খাতে চাকরিতে আগ্রহী।

নোমুরা জানান, জাপানে কৃষি খাতে ‘নির্দিষ্ট দক্ষ কর্মী’ মর্যাদা পেতে প্রার্থীদের এন-ফোর পর্যায়ের জাপানি ভাষা পরীক্ষা এবং লিখিত ও ব্যবহারিক কৃষি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

তিনি বলেন, জাপান উন্নত কৃষিপ্রযুক্তির দেশ। সেখানে কাজের অভিজ্ঞতা অর্জন করে অনেকেই অস্ট্রেলিয়া ও ইসরাইলের মতো দেশে কৃষি খাতে চাকরি করছেন বা নিজস্ব ব্যবসা গড়ে তুলছেন।

মিরাই বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে তিনটি সহযোগী নিয়োগ প্রশিক্ষণকেন্দ্র পরিচালনা করছে। ঢাকার কেন্দ্রে জাপানি ভাষা ও অন্যান্য বিষয়ে পড়ান নোরিকো নুর নবি। আহসান হাবিব ও সিয়ামুর রহমানের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, কার্যকর প্রশিক্ষণের জন্য শ্রমিকদের সাংস্কৃতিক প্রেক্ষাপট ও মানসিকতা বোঝা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জাপানে বিদেশি শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

শ্রমিক সংকটে দক্ষিণ এশিয়ার দিকে জাপান

বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি ও অন্যান্য কারণে দীর্ঘদিন ধরে জাপানের কৃষি খাতে শ্রমিক সংকট চলছে। সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ দেশটির কৃষি খাতে বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী ও কারিগরি শিক্ষানবিশের মোট সংখ্যা ছিল ৬৭ হাজার ৯০৫ জন।

এ হিসাবের মধ্যে ‘টাইপ-১’ বিশেষ দক্ষতাসম্পন্ন শ্রমিক এবং নির্দিষ্ট সময়সীমা ছাড়া অবস্থানের সুযোগ পাওয়া ‘টাইপ-২’ মর্যাদাপ্রাপ্ত কর্মীরাও রয়েছেন।

মোট শ্রমিকের ৬০ শতাংশের বেশি, অর্থাৎ ৩৯ হাজার ২৩৪ জন ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে এসেছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পরিবর্তিত পরিস্থিতিতে জাপানে দক্ষিণ এশিয়ার শ্রমিকদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। সাসটেইনেবল হোল্ডিংসের পরিচালক নোরিয়ুকি তাকাকুরা বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মানুষ আন্তরিকতা ও পরিশ্রমের জন্য পরিচিত। এ কারণে তাদের সম্মানের চোখে দেখা হয়।

তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট২৪ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad