জুলাই আন্দোলনে হত্যা মামলা: সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ দুপুর
  • ৯৩৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডিতে আব্দুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। প্রথম দফার সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে নতুন করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের মিছিলে থাকা আব্দুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার আসামিদের তালিকায় সাঈদ খোকনের নামও রয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে এসআরবি ডিবি পুলিশের কাছে সোপর্দ করে। ওই দিনই আদালত তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

উল্লেখ্য, সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad