শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে করা মামলায় বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও প্রসিকিউশনের ফেসবুক পেজে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম আমার দেশকে বলেন, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা দেশবাসীর সামনে তুলে ধরতেই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৫ বছরে জিয়াউল আহসানের বিরুদ্ধে কী কী অপরাধের অভিযোগ রয়েছে, তা জনগণকে জানাতে চান তাঁরা।
এর আগে ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সেদিনই যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন আদালত।
গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এর আগে ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি শেষ হয়েছিল।
প্রসিকিউশনের পক্ষ থেকে এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক