রাজধানীর রমনায় অবস্থিত প্রধান বিচারপতির সরকারি বাসভবন শুধু বিচার বিভাগের সর্বোচ্চ পদধারীর আবাসস্থল নয়, ঢাকার ঔপনিবেশিক ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ নিদর্শন। মোগল স্থাপত্যের রাজকীয় খিলান ও নকশার সঙ্গে ইউরোপীয় ধ্রুপদি স্থাপত্যরীতির সমন্বয়ে নির্মিত শতবর্ষী এই ভবনটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটির ঐতিহাসিক কাঠামো ও স্থাপত্যিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।
রাজধানীর ১৯ হেয়ার রোডে অবস্থিত ভবনটির নির্মাণকাজ শেষ হয় ১৯০৮ সালে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পর ঢাকাকে নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী ঘোষণা করা হলে ব্রিটিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের আবাসনের জন্য রমনা এলাকায় বেশ কয়েকটি দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়। প্রধান বিচারপতির বর্তমান বাসভবনটি সেই সময়েরই স্থাপত্য নিদর্শন। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পরও বিভিন্ন সময়ে ভবনটি প্রশাসনিক ও আবাসিক কাজে ব্যবহৃত হয়েছে।
মোগল ও ইউরোপীয় স্থাপত্যের সমন্বয়ভবনটির স্থাপত্যশৈলীতে মোগল আমলের রাজকীয় খিলান ও অলংকরণশৈলীর পাশাপাশি ইউরোপীয় রেনেসাঁ ও ধ্রুপদি স্থাপত্যের প্রভাব রয়েছে। প্রশস্ত বারান্দা, উঁচু ছাদ, নান্দনিক স্তম্ভ ও খিলানের সমন্বয়ে নির্মিত ভবনটি ইন্দো-সারাসেনিক স্থাপত্যরীতির উল্লেখযোগ্য উদাহরণ।
সদ্য সাবেক রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীর দেওয়া তথ্য অনুযায়ী, ডুপ্লেক্স আদলের এই বাসভবনে রয়েছে ১৮২টি জানালা। ভবনটির ভেতরে প্রধান বিচারপতির জন্য রয়েছে সুসজ্জিত ব্যক্তিগত কার্যালয়। আদালত বন্ধ থাকা অবস্থায় কিংবা ছুটির দিনেও জরুরি দাপ্তরিক ফাইল পর্যালোচনা ও স্বাক্ষরের সুযোগ রয়েছে সেখানে।
এ ছাড়া সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আন্তর্জাতিক প্রতিনিধিদল ও সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং সৌজন্য সাক্ষাতের জন্য রয়েছে বিশেষ লাউঞ্জ ও সাক্ষাৎকার কক্ষ। ড্রয়িংরুম ও ডাইনিং স্পেসও রাষ্ট্রীয় অতিথিদের আপ্যায়নের উপযোগী করে সাজানো হয়েছে।
মূল ভবনের চারপাশে রয়েছে প্রশস্ত মাঠ ও সবুজ বাগান। গাছপালায় ঘেরা পরিবেশ ভবনটির ঐতিহাসিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।
প্রধান বিচারপতির সরকারি বাসভবন হিসেবে ব্যবহারইতিহাসের বিভিন্ন পর্যায় পেরিয়ে ১৯৫০-এর দশকের শুরু থেকে ভবনটি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতির সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হতে থাকে। স্বাধীনতার পর থেকে এটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে দেশের বিচার বিভাগের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ও ঐতিহাসিক স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে ভবনটি।
সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার উদ্যোগ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় ভবনটিতে ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক স্থাপনাটির মূল কাঠামো ও স্থাপত্য ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
তার উদ্যোগে ‘পুরাকীর্তি আইন, ১৯৬৮’-এর বিধান অনুযায়ী ভবনটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার কার্যক্রম শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এ ক্ষেত্রে ভবনটির মালিকানা ও ব্যবহারস্বত্ব বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনুকূলে অক্ষুণ্ণ রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়। সুপ্রিম কোর্ট প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সমন্বয়ে এ বিষয়ে কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
ভবনটির বর্তমান অবস্থা ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম জানান, তৎকালীন প্রধান বিচারপতির অনুরোধে পূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করেছিলেন। তবে পরবর্তী সময়ে এ বিষয়ে কী অগ্রগতি হয়েছে, তা তাঁর জানা নেই।
অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা জানান, ভবনটি নিয়ে একটি জরিপ করা হয়েছিল। সেই জরিপের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।
জাতীয় ঐতিহ্য হিসেবে সংরক্ষণের প্রয়োজনস্থাপত্যবিদ ও ইতিহাসবিদদের মতে, দ্রুত নগরায়ণের ফলে ঢাকার বহু ঐতিহাসিক স্থাপনা হারিয়ে যাচ্ছে। এ অবস্থায় প্রধান বিচারপতির বাসভবনকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হলে ভবনটির ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্যিক বৈশিষ্ট্য রক্ষার আইনি ভিত্তি তৈরি হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঢাকার ঔপনিবেশিক আমলের স্থাপত্য ও প্রশাসনিক ইতিহাস তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।
সংরক্ষণ উদ্যোগের বিষয়ে সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আমার দেশকে বলেন, ঐতিহাসিক স্থাপনাটি যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করেই তিনি এ উদ্যোগ নিয়েছিলেন।
অন্যদিকে, ভবনটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের ঢাকা রমনা-১ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী অমিয় সাহা শুভ জানান, এখনো তাঁরাই ভবনটির রক্ষণাবেক্ষণ করছেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে ভবনটি হস্তান্তরের বিষয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ফলে শতবর্ষী এই স্থাপনাকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার উদ্যোগ থাকলেও এর বাস্তবায়ন ও দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক