মালয়েশিয়ায় পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, ট্রাভেল এজেন্সি সিলগালা; মালিকের ১৫ দিনের কারাদণ্ড

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ বিকাল
  • ৯৮২২ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীতে অভিযান চালিয়ে এক ট্রাভেল এজেন্সির মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারের ৮৭ নম্বর ঠিকানায় অবস্থিত চাঁদ ট্রাভেলসে এ অভিযান পরিচালনা করা হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত এইচ এম জসিম উদ্দিন চাঁদকে এ দণ্ড দেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈধ লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, এইচ এম জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও এর কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি।

এ ছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামে একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্নভাবে প্রতারণার অভিযোগ পাওয়া যায়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে অভিযুক্ত ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রতারণার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’

অভিবাসন খাতে প্রতারণা বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাদের বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, নিরীহ মানুষকে সর্বস্বান্ত করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের প্রতারণায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করতে হবে। কোনো দালাল কিংবা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।

মন্ত্রণালয় ও বিএমইটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিবাসন খাতে প্রতারক চক্র নির্মূল এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad