নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং আমদানির উৎস সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২৯ নভেম্বর দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।
এর মাধ্যমে দুই দেশের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ কৃষিভিত্তিক পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ পিএসসি আমার দেশকে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন একটি বাণিজ্যিক সুযোগ তৈরি হতে যাচ্ছে। এ লক্ষ্যে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে টিসিবি।
তিনি বলেন, এ উদ্যোগের আওতায় কৃষিভিত্তিক পণ্য আমদানি ও রপ্তানি করা হবে। বাংলাদেশের পণ্য পাকিস্তানে রপ্তানি হবে। একইভাবে দেশের প্রয়োজনীয় পণ্য পাকিস্তান থেকেও আমদানি করা হবে।
টিসিবি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে পণ্য পাওয়া গেলে পাকিস্তান থেকে তা আমদানি করা হবে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পাকিস্তান পণ্যের মূল্য প্রস্তাব করবে। এরপর দুই পক্ষের মধ্যে দরকষাকষি হবে। আলোচনা ও মূল্য যাচাইয়ের ভিত্তিতেই আমদানি-রপ্তানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
২৯ নভেম্বর সমঝোতা স্মারক স্বাক্ষরবাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে টিসিবি ও টিসিপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। ইতোমধ্যে সমঝোতা স্মারকের খসড়াও চূড়ান্ত করা হয়েছে।
আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদিরের উপস্থিত থাকার কথা রয়েছে।
বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।
আমদানিতে তেল, ডাল ও চিনি; রপ্তানিতে আম-আনারসজানা গেছে, সমঝোতা স্মারকে কৃষিভিত্তিক বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, গম, আলু, চিনি, তেল, পেঁয়াজ, ছোলা, সার, চা, আম ও আনারস।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের প্রধান লক্ষ্য থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি নিশ্চিত করা। এ ক্ষেত্রে তেল, ডাল, চিনি ও খেজুর আমদানিতে গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে পাকিস্তানে আম, আনারস ও চা রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থার মধ্যে সহযোগিতার একটি কাঠামো তৈরি হবে। এর আওতায় নিত্যপণ্য আমদানি-রপ্তানি ও বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারেও এটি ভূমিকা রাখতে পারে।
বাণিজ্য ঘাটতি কমাতে পাকিস্তানের বাজারে নজরপাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বড় বাণিজ্য ঘাটতি কমাতে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপরও জোর দিচ্ছে ঢাকা। এ লক্ষ্যে পাকিস্তানের কাছে শুল্ক ও শুল্কবহির্ভূত বিভিন্ন বাণিজ্য বাধা দূর করার প্রস্তাব দেবে বাংলাদেশ।
আগামী ১ ও ২ ডিসেম্বর ইসলামাবাদে দুই দেশের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের (জেডব্লিউজিটি) প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিশেষ করে ওষুধ ও খাদ্যপণ্যের বাজারে প্রবেশাধিকার, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং শুল্কায়ন ও কাস্টমস প্রক্রিয়া সহজ করার বিষয়ে গুরুত্ব দেবে ঢাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিনের বাণিজ্য বাধাগুলো তুলে ধরা হবে। বিশেষ করে ওষুধ ও খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে পণ্যের মান, কারিগরি বিধিবিধান এবং স্বাস্থ্য ও উদ্ভিদ স্বাস্থ্যসংক্রান্ত শর্ত (এসপিএস) নিয়ে বিদ্যমান জটিলতা দূর করার বিষয়ে আলোচনা হবে।
এসব বাধা দূর হলে পাকিস্তানের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর উপায় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র:, ২৪ নভেম্বর ২০২৬; টিসিবি চেয়ারম্যানের বক্তব্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক