নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারযোগে তিনি ঢাকার উদ্দেশে নয়, নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন।
প্রধানমন্ত্রী সেখানে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।
মহড়া চলাকালে তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
প্রথমবার তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের যৌথ মহড়ানোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক যুগের বেশি সময় ধরে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণও অনুষ্ঠিত হয়েছে।
তবে এবারই প্রথম তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট প্যারা কমান্ডো ব্রিগেড, সোয়াডস ও ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে বিশেষ যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।
মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক