বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কোনাবাড়ী এলাকার ১২টি ও বাঘেরবাজার এলাকার ১১টি কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী ও বাঘেরবাজারের নতুন বাজার এলাকায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
সকাল ৯টার দিকে মেম্বারবাড়ী এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে পাশের বাঘেরবাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধের পর শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এদিকে সকালে কোনাবাড়ী ও জরুন এলাকার বিক্ষুব্ধ শ্রমিকেরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
গাজীপুরের অন্যান্য কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। সেসব কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা কাজ করছেন।

প্রথম দর্পণ,ডেস্ক