ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ দুপুর
  • ৭৪০১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত মিছিল-মানববন্ধন | মজুরি বোর্ডের সভা, পুরস্কার বিতরণ ও মন্ত্রীদের একাধিক কর্মসূচি

রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দিনের শুরুতে বিএনপির সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। এ ছাড়া পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন, জলবায়ু প্রযুক্তি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান এবং সাংবাদিকদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে।

দিনের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হলো—

বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।

মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মিছিল শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি ইশরাক হোসেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত।

জলবায়ু প্রযুক্তি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইউএন সিটিসিএন প্রজেক্ট ক্লোজিং সেরিমনি’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডসভা

দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় শাহ্ পোরশিয়া ভবনের চতুর্থ তলায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নবিষয়ক বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হবে।

বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।

ঢাকা-১৩ আসনে সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার থেকে ঢাকা-১৩ সংসদীয় আসনের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ পরিদর্শন করবেন তিনি।

সাংবাদিকদের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান

বিকাল ৪টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ‘নগদ-ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

তথ্যসূত্র: ২৪ নভেম্বর ২০২৬। সংশ্লিষ্ট আয়োজকদের কর্মসূচি ও ঘোষিত সময়সূচি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad