রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ দুপুর
  • ৬৫১৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রথম ইউনিটে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহও শুরু

রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির অষ্টম চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় চালানটি আনা হয়।

এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি—মোট আটটি চালান দেশে পৌঁছাল। পরিকল্পনা অনুযায়ী, আরও একটি চালান আসার কথা রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি আনার পরিকল্পনা ছিল। প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে জ্বালানি আনার পরিকল্পনা করা হয়েছে।

ইউরেনিয়ামের নতুন চালান পৌঁছানোর মধ্যেই রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এর আগে ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। ওই দিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। পরীক্ষার ওই পর্যায়ে কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, রূপপুর থেকে সফলভাবে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া পুরো জাতির জন্য আনন্দের সংবাদ।

পরীক্ষামূলক সরবরাহের অগ্রগতি জানিয়ে মন্ত্রী বলেন, জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।

প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন জানান, সোমবার সকাল ১০টা ২০ মিনিট থেকে প্রথম ইউনিটের দ্বিতীয় দফার পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আগামী ১০ থেকে ২৪ ঘণ্টা এ পরীক্ষা চলবে। এ সময় জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় প্রথম ইউনিটের দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রভিশনাল টেকওভারের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গ্রহণ করবে। পরে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad