রাজবাড়ী জেলা কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ ও ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ব্যাংকটির তিনটি ভবন নির্মাণ ও আর্থিক লেনদেনে অনিয়মের প্রমাণ পেয়েছে সমবায় অধিদপ্তরের তদন্ত কমিটি। প্রতিবেদনে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিরুদ্ধে ৬ কোটি ৬৫ লাখ টাকার আর্থিক দায় নির্ধারণ করা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তিন বছর পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সমবায় অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির ভবন নির্মাণে দরপত্র ও প্রকৌশল বিভাগের তদারকি ছাড়াই বিপুল অঙ্কের অর্থ ব্যয় দেখানো হয়েছে। কয়েকটি ভবন নির্মাণের ব্যয়ের পক্ষে কোনো ভাউচারও পাওয়া যায়নি। পাশাপাশি দোকানভাড়া আদায়, কর্মীদের বেতন-ভাতা এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে।
তদন্তে অনিয়মের চিত্রজানা গেছে, বিভাগীয় সমবায় কার্যালয় ঢাকার যুগ্ম নিবন্ধকের আদেশে (আদেশ নম্বর ৯৮২, তারিখ ৩১ জুলাই ২০২৩) মানিকগঞ্জের তৎকালীন জেলা সমবায় কর্মকর্তা সুমন আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। দুই মাস তদন্ত শেষে ২০১৩ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তথ্যসংবলিত প্রতিবেদন রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে অ্যাডভোকেট এমএ খালেক সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই ব্যাংকটিতে অনিয়ম শুরু হয়। উপ-আইন সংশোধন না করেই বিধিবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা করা হয়। মেয়াদ শেষে নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে আদালতে মামলা করানোর অভিযোগও রয়েছে।
২০২০ সালের ২৯ আগস্ট সভাপতি এমএ খালেকের মৃত্যুর পর সহসভাপতি আব্দুল ওয়াহাব পদত্যাগ না করেই সভাপতির দায়িত্ব পালন করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটির মতে, এভাবে দায়িত্ব পালন সাংগঠনিক বিধি লঙ্ঘনের শামিল।
তিন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগব্যাংকটির শহরের সজ্জনকান্দা ও বিনোদপুর মৌজায় শতকোটি টাকা মূল্যের ৪৪ শতাংশ জমি রয়েছে। এসব জমিতে টেন্ডার বা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধান ছাড়াই তিনটি ভবন নির্মাণ করা হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সজ্জনকান্দায় চারতলা ‘সমবায় টাওয়ার-১’ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এ ভবন নির্মাণে ২১ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হলেও তদন্ত কমিটিকে কোনো ভাউচার দেখাতে পারেনি ব্যবস্থাপনা কমিটি।
খলিফা পট্টিতে ১০ শতাংশ জমির ওপর নির্মিত চারতলা ‘সমবায় টাওয়ার-৩’-এর নির্মাণ ব্যয়সংক্রান্ত কোনো তথ্য কমিটি দেয়নি। কাগজে-কলমে এ ভবনের ব্যয় দেখানো হয়েছে মাত্র ৯৩ হাজার টাকা।
অন্যদিকে, বড়বাজারে নির্মাণাধীন পাঁচতলা ‘সমবায় টাওয়ার-২’ বা মদিনা মার্কেটের নির্মাণ ব্যয় দেখানো হয়েছে ৯ কোটি ৭৫ লাখ ৩৬৮ টাকা। এ ব্যয়ের পক্ষেও কোনো ভাউচার পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনটি ভবনের কোনোটিরই পৌরসভার অনুমোদন নেই বলে জানিয়েছে তদন্ত কমিটি।
সদস্যদের বিরুদ্ধে আর্থিক দায় নির্ধারণতদন্ত কমিটি ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিরুদ্ধে মোট ৬ কোটি ৬৫ লাখ টাকার আর্থিক দায় নির্ধারণ করেছে। এর মধ্যে প্রয়াত সভাপতি এমএ খালেকের দায় ৮৩ লাখ ৮৪ হাজার ২৮৩ টাকা।
বর্তমান সভাপতি আব্দুল ওয়াহাব, সদস্য মোয়াজ্জেম হোসেন, নব কুমার দত্ত, মৃদুল কান্তি সাহা, হেলাল উদ্দিন সরদার এবং প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান তালুকদারের প্রত্যেকের দায় নির্ধারণ করা হয়েছে ৯৬ লাখ ৯৬ হাজার ৬০৫ টাকা করে।
এ ছাড়া তিনটি ভবনের দুই শতাধিক দোকানের ভাড়া আদায়, কর্মীদের বেতন-ভাতা এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তদন্ত কমিটি।
সাধারণ সভার অনুমোদন ছাড়াই অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমানকে মাসে ৩৫ হাজার টাকা বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।
অভিযোগ অস্বীকার কর্মকর্তারএ বিষয়ে ব্যাংকটির বর্তমান সভাপতি আব্দুল ওয়াহাবের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান তালুকদার তদন্ত প্রতিবেদনকে ‘মনগড়া’ দাবি করেছেন। তিনি বলেন, ‘আমরা সবকিছুর জবাব দিয়েছি। উপযাচক হয়ে তো আর তদন্ত রিপোর্ট চাইতে পারি না।’
ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নতদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরও দীর্ঘদিন কোনো ব্যবস্থা না নেওয়ায় ব্যাংকটির অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। কোটি কোটি টাকার ব্যয়ের হিসাব, ভবন নির্মাণে অনুমোদন ও তদারকির ঘাটতি এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিরুদ্ধে নির্ধারিত আর্থিক দায়—সব মিলিয়ে ব্যাংকটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি উঠেছে।
তথ্যসূত্র: আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী, ২৪ নভেম্বর ২০২৬। সমবায় অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের বক্তব্য।

প্রথম দর্পণ,ডেস্ক