নিয়োগ দুর্নীতির দুই মামলায় সাবেক রেলওয়ে জিএম ইউসুফ মৃধার ৪ বছর কারাদণ্ড

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ দুপুর
  • ৮৫৬১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রেলওয়ের পূর্বাঞ্চলে নিয়োগ দুর্নীতির পৃথক দুই মামলায় দুই দিনে মোট চার বছরের কারাদণ্ড পেয়েছেন সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা। ‘কালো বিড়াল’ হিসেবে পরিচিত এই সাবেক রেল কর্মকর্তাকে প্রতিটি মামলায় দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির মামলায় ইউসুফ আলী মৃধাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই মামলায় রেলওয়ের সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে আদালত এ সিদ্ধান্ত দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন।

৪০০ জন নিয়োগে অনিয়মের অভিযোগ

মামলার নথি অনুযায়ী, ২০০৯ ও ২০১০ সালে রেলওয়ের পূর্বাঞ্চলে ৪০০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার খাতায় নম্বর পরিবর্তন, টেবুলেশন শিটে ঘষামাজা এবং বিধিবহির্ভূতভাবে গ্রেস নম্বর দিয়ে অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ দেখানোর অভিযোগ ওঠে।

এ ছাড়া জেলা, এতিম ও প্রতিবন্ধী কোটা অনুসরণেও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় বিচার শেষে আদালত ইউসুফ আলী মৃধা ও গোলাম কিবরীয়াকে দোষী সাব্যস্ত করে সাজা দেন।

আগের মামলাতেও দুই বছরের সাজা

এর আগে রোববার (২২ নভেম্বর) রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্র ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় ইউসুফ আলী মৃধাকে দুই বছরের কারাদণ্ড দেন একই আদালত। ওই মামলায় গোলাম কিবরীয়ার সাজা হয় তিন বছর।

ফলে দুই মামলায় ইউসুফ আলী মৃধার মোট কারাদণ্ডের পরিমাণ দাঁড়িয়েছে চার বছর।

আদালত সূত্রে জানা গেছে, দুই মামলায় দণ্ডিত ইউসুফ আলী মৃধা বর্তমানে পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে, গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত থাকায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad