সরকারি উদ্যোগে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে ১১২ জন

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ বিকাল
  • ৬৮৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথম ফ্লাইটে ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে দেশটিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিদেশগামী কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন প্রবাসী কর্মীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা হয়। পরে বেগম খালেদা জিয়ার সময়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে পৃথক মন্ত্রণালয় গঠিত হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নেতৃত্বে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশে জনশক্তি পাঠানো শুরু হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক মালয়েশিয়ার দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় প্রথম শ্রমবাজারকেন্দ্রিক মালয়েশিয়া সফরের ফলেই এ বাজার আবার খুলেছে। এ উদ্যোগে মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়াগামী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে দক্ষতার সঙ্গে কাজ করে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বাড়ানোর আহ্বান জানান।

দক্ষতা ও ভাষা শেখানোর উদ্যোগ

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটিকে বাংলাদেশের জন্য স্মরণীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রথম দিনে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার মানুষকে প্রায় বিনা খরচে পাঠানো সম্ভব হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও কর্মী পাঠানো শুরু হওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান তিনি।

বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের আরও দক্ষ করে পাঠানো গেলে তা তাঁদের এবং দেশের—উভয়ের জন্যই লাভজনক হতো। বিভিন্ন দেশে গমনেচ্ছু শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রমও শুরু করা হবে বলে জানান তিনি।

কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে তাঁদের প্রত্যেককে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেখা হবে। তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে। যে প্রতিষ্ঠানে তাঁরা কাজ করবেন, সেখানে সুনামের সঙ্গে কাজ করলে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বিদায়ী কর্মীদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সুযোগ তৈরিতে ভূমিকা রাখায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন এবং তাঁদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। কুশল বিনিময়ের সময়ও তিনি বিদেশের মাটিতে কর্মীদের কথাবার্তা, আচরণ ও কাজকর্মের ওপর বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করার কথা স্মরণ করিয়ে দেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad