বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পরিষদের সভাপতি ও দি নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তা-এর সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ সদস্যরা অংশ নেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি দেশের গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে তাঁদের কাছে জানতে চান।
মতবিনিময় সভায় সম্পাদক পরিষদের সদস্যরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, জনস্বার্থে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারের সঙ্গে গণমাধ্যমের নিয়মিত ও কার্যকর সংযোগ থাকা প্রয়োজন। সাংবাদিকেরা যাতে স্বাধীন, মুক্ত ও নিরাপদ পরিবেশে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে পারেন, সে জন্য রাষ্ট্রের সহযোগিতাও কামনা করেন তাঁরা।
জবাবে রাষ্ট্রপতি গণমাধ্যমের সহযোগিতার বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলো-এর সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইনকিলাব-এর সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, দৈনিক করতোয়া-এর সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশ-এর সম্পাদক রুশো মাহমুদ। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় শেষে রাষ্ট্রপতি সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক