আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকট ও ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়াইর গোলান নিজেদের মধ্যে জোট চুক্তি স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছেন। তবে চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি।
এর আগে ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যানের সঙ্গেও জোট গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছান আইজেনকট। তাঁর নেতৃত্বে সরকার গঠনের উদ্যোগে গড়ে ওঠা ‘চেঞ্জ ব্লক’-এ রয়েছে ইয়াশার পার্টি, লিবারম্যানের ইসরাইল বেইতেনু, নাফতালি বেনেটের টুগেদার পার্টি এবং ইয়াইর গোলানের ডেমোক্র্যাটস পার্টি।
১২০ আসনের ইসরাইলি পার্লামেন্ট নেসেটে বর্তমানে এই জোটের আসনসংখ্যা ৪৮। ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন পেলে জোটটির আসনসংখ্যা বেড়ে ৬১-তে দাঁড়াবে। ইসরাইলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ৬১ আসন।
এদিকে ১৯টি আসনের অধিকারী আরব দলগুলো জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠন থেকে বিরত রাখতে আইজেনকটের নেতৃত্বাধীন জোটকে পার্লামেন্টে সমর্থন দিতে তারা প্রস্তুত।
ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য আইজেনকটকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠন সম্ভব না হলে তিনি প্রেসিডেন্টের কাছে একবারের জন্য অতিরিক্ত ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
ইসরাইলে সরকার গঠনের ক্ষেত্রে জোট চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব চুক্তির মাধ্যমে দলগুলোর পারস্পরিক সহযোগিতা, নীতিনির্ধারণ, আইন প্রণয়ন এবং পার্লামেন্টে ভোট দেওয়ার বিষয়ে সমঝোতা নির্ধারিত হয়।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক