শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ৯০-এর গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্যের সাবেক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বজলুর রশিদ ফিরোজ, রাজু আহমেদ, জাহিদ ইকবাল খান, রাজেকুজ্জামান রতন, সাজ্জাদ জহির চন্দন, কাফি রতন, করিম সিকদার, রোকনুজ্জামান রোকন ও সৈয়দ হারুনুর রশিদ।
টিএসসিতে অবস্থিত ডা. মিলনের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বক্তব্য দেন বজলুর রশিদ ফিরোজ। তিনি বলেন, যে লক্ষ্য ও আদর্শ সামনে রেখে ডা. শামসুল আলম খান মিলন আত্মত্যাগ করেছিলেন, বাংলাদেশে সেই অর্থে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দল-মতনির্বিশেষে সব গণতান্ত্রিক সংগঠন ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে মিলনের আত্মত্যাগ
১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন। তিনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তৎকালীন যুগ্ম সম্পাদক ছিলেন।
সেদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ থেকে রিকশাযোগে পিজি হাসপাতালের (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) উদ্দেশে একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন তৎকালীন বিএমএর সাধারণ সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। হামলায় ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই নিহত হন ডা. মিলন।
তাঁর হত্যাকাণ্ড স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। ৮, ৭ ও ৫ দলীয় জোট এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে চলমান আন্দোলন আরও বেগবান হয়। জরুরি আইন উপেক্ষা করে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
পরবর্তী সময়ে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমদকে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তাঁর কাছে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এরশাদ সরকারের পতন ঘটে। অবসান ঘটে দীর্ঘ সামরিক শাসনের এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়।
ডা. মিলনের আত্মত্যাগ বাংলাদেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসে আজও গভীর তাৎপর্য বহন করছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক