পাকিস্তানের লাহোরে উপমহাদেশের প্রখ্যাত কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে তিনি সমাধি পরিদর্শন করেন। এ সময় ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ ও চাদর দেওয়ার পাশাপাশি দর্শনার্থীদের জন্য সংরক্ষিত বইয়ে নিজের মন্তব্য লেখেন তিনি।
স্পিকারের পাকিস্তান সফরের অংশ হিসেবে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিদলটি লাহোরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন স্থাপনাও ঘুরে দেখে।
আল্লামা মুহাম্মদ ইকবাল (১৮৭৭-১৯৩৮) উপমহাদেশের সাহিত্য, দর্শন ও রাজনৈতিক চিন্তাজগতে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। উর্দু ও ফারসি ভাষায় রচিত তাঁর কবিতা এবং দার্শনিক চিন্তাধারা দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করে। পাকিস্তানে তিনি জাতীয় কবি হিসেবে স্বীকৃত।
১৯৩০ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে সভাপতির ভাষণে ইকবাল ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র গঠনের ধারণা তুলে ধরেন। পরবর্তী সময়ে পাকিস্তান প্রতিষ্ঠার বুদ্ধিবৃত্তিক ভিত্তি গঠনে তাঁর এই রাজনৈতিক চিন্তাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
‘সারে জাহাঁ সে আচ্ছা’সহ বহু জনপ্রিয় কবিতার রচয়িতা ইকবাল ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মৃত্যুবরণ করেন। ঐতিহাসিক বাদশাহী মসজিদের কাছে হাজুরি বাগে তাঁর সমাধি অবস্থিত। লাল বেলেপাথরে নির্মিত সমাধিটির স্থাপত্যে মুঘল ও পারস্য শিল্পরীতির প্রভাব রয়েছে। ১৯৫১ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। সমাধির মূল মার্বেল স্মৃতিস্তম্ভটি আফগানিস্তান সরকার উপহার দিয়েছিল।
ইকবালের দর্শনের অন্যতম প্রধান বিষয় ‘খুদি’ বা আত্মসত্তার বিকাশ। ব্যক্তির আত্মমর্যাদা, আত্মবিশ্বাস, আত্মসচেতনতা ও সুপ্ত সম্ভাবনা বিকাশের ওপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর কবিতায় আত্মজাগরণ, শিক্ষা, ঐক্য ও মানবিক মর্যাদার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।
সমাধি পরিদর্শনের পাশাপাশি সংসদীয় প্রতিনিধিদলটি লাহোর ফোর্ট, বাদশাহী মসজিদ ও মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করে। লাহোর ফোর্টে প্রতিনিধিদলকে দুর্গের ঐতিহাসিক স্থাপত্য, শীশ মহল, দেওয়ান-ই-আম ও দেওয়ান-ই-খাসসহ বিভিন্ন স্থাপনা ঘুরিয়ে দেখানো হয়।
অন্যদিকে, লাহোরের গ্রেটার ইকবাল পার্কে অবস্থিত মিনার-ই-পাকিস্তান ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের স্মারক হিসেবে পরিচিত। পাকিস্তানের রাষ্ট্রীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি আল্লামা ইকবালের সমাধির কাছেই অবস্থিত।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৪ নভেম্বর পাকিস্তান সফর শুরু করেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পাকিস্তানের জাতীয় পরিষদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের কোনো জাতীয় সংসদ স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক