সিকদার পরিবারের সদস্যদের বিদেশে থাকা বিপুল পরিমাণ সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। পরিবারের তিন সদস্য রিক হক সিকদার, রন হক সিকদার ও পারভীন হক সিকদারের সিঙ্গাপুরে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার জব্দের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিক হক সিকদারের সেন্ট কিটস অ্যান্ড নেভিসে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং একটি বিলাসবহুল রিসোর্টের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এসব আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঋণ অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ
দুদকের আবেদনে বলা হয়, সিকদার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান জয়নুল হক সিকদার এবং ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক ও সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, আমানতকারীদের অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে ছয় সদস্যের একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে।
অনুসন্ধানে পাওয়া তথ্যের বরাত দিয়ে দুদক জানায়, সিকদার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে যোগসাজশ করে হাজার হাজার কোটি টাকার ঋণ অনিয়মের মাধ্যমে অনুমোদন ও বিতরণ করিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব ঋণের অর্থের উৎস ছিল বিভিন্ন ব্যাংকের আমানতকারীদের জমা করা টাকা।
অভিযোগ অনুযায়ী, পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানের পাশাপাশি ভুয়া প্রতিষ্ঠানের নামেও ঋণের অর্থ নেওয়া হয়। পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই একাধিক স্তরে লেনদেনের মাধ্যমে এসব অর্থ বিদেশে পাচার করা হয়। পাচার করা অর্থের একটি অংশ সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
সিঙ্গাপুরে ব্যাংক হিসাব ও বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার
দুদকের আবেদনে রিক হক সিকদার, রন হক সিকদার ও পারভীন হক সিকদারের সিঙ্গাপুরে থাকা বিভিন্ন ব্যাংক হিসাব এবং প্রতিষ্ঠানের শেয়ারের তথ্য তুলে ধরা হয়েছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিকদার গ্রুপ পিটিই লিমিটেড, ইন্টার-এশিয়া গ্রুপ পিটিই লিমিটেড ও এনবিএল মানি ট্রান্সফার পিটিই লিমিটেড। এ ছাড়া ই-ফ্যালকন গ্রুপ, মেইসন আনুফা, ম্যাক্স মেট্রো ট্রেডিং, ওরিক্স গ্লোবাল ক্যাপিটাল, পাওয়ারপ্যাক হোল্ডিংস গ্রুপ ও আরঅ্যান্ডআর হসপিটালিটি গ্রুপসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে তাঁদের সংশ্লিষ্টতার তথ্য রয়েছে।
আবেদনে সিঙ্গাপুরের ওসিবিসি ব্যাংক ও ডিবিএস ব্যাংকে থাকা একাধিক হিসাবের তথ্যও উল্লেখ করা হয়। এর মধ্যে ওসিবিসি ব্যাংকের দুটি হিসাবে ২০১৮ সালে সর্বোচ্চ স্থিতি ছিল যথাক্রমে ৩২ লাখ ৩৫ হাজার ৪১০ মার্কিন ডলার এবং ১৭ লাখ ৯৮ হাজার ১৫৫ মার্কিন ডলার। ডিবিএস ব্যাংকের দুটি হিসাবও অবরুদ্ধ করার আবেদন জানায় দুদক।
সেন্ট কিটসে নিকের ব্যাংক হিসাব ও বিলাসবহুল রিসোর্ট
অন্যদিকে নিক হক সিকদারের সেন্ট কিটস অ্যান্ড নেভিসে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং সম্পদ জব্দের আবেদন করে দুদক।
আবেদনে বলা হয়, দেশটির অ্যাঙ্গুইলা ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর সংশ্লিষ্ট ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাবে ২০১৮ সালে সর্বোচ্চ স্থিতি ছিল মোট ২৩ লাখ ৪৭ হাজার ৫৭৯ মার্কিন ডলার।
এ ছাড়া দেশটির রাজধানী বাসেতেরে অবস্থিত ‘কই রিসোর্ট অ্যান্ড রেসিডেন্স, কিউরিও কালেকশন বাই হিলটন’-এর সম্পদ জব্দের আবেদন করা হয়। এটি একটি বিলাসবহুল রিসোর্ট ও হোটেল।
সম্পদ সরিয়ে নেওয়ার আশঙ্কা দুদকের
দুদকের আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়, সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়া এবং বিদেশে থাকা সম্পদ বিক্রি বা অন্যের কাছে হস্তান্তরের চেষ্টা হতে পারে। এতে অর্থের প্রকৃত উৎস আড়াল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এসব সম্পদ দেশে ফিরিয়ে আনা ও উদ্ধারের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
এ পরিস্থিতিতে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ বিধি এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারায় ব্যাংক হিসাব অবরুদ্ধ ও সম্পদ জব্দের আবেদন করা হয়। আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এসব আদেশ দেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক