দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে ব্রাজিলের আধিপত্য আরও সুসংহত হলো। আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেসকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ সালের কোপা লিবের্তাদোরেসের শিরোপা জিতেছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ব্রাজিল। ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা আট আসরেই শিরোপা জিতেছে দেশটির কোনো না কোনো ক্লাব।
শনিবার অনুষ্ঠিত ফাইনালে এস্তুদিয়ান্তেসকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে পালমেইরাস। এটি ক্লাবটির ইতিহাসে চতুর্থ কোপা লিবের্তাদোরেস শিরোপা। এর ফলে সমান চারটি শিরোপা নিয়ে ব্রাজিলের আরেক ক্লাব ফ্লামেঙ্গোর পাশে জায়গা করে নিয়েছে তারা।
তবে পালমেইরাসের এই সাফল্যের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর ধারাবাহিক আধিপত্য। ২০১৯ সাল থেকে টানা আট বছর দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার শিরোপা নিজেদের দখলে রেখেছে ব্রাজিলের ক্লাবগুলো। প্রতিযোগিতার ইতিহাসে কোনো দেশের ক্লাবগুলোর এমন দীর্ঘ ধারাবাহিকতা আগে দেখা যায়নি। পরিসংখ্যানভিত্তিক ফুটবল অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’-এর তথ্যেও উঠে এসেছে এই বিরল কীর্তি।
অন্যদিকে, কোপা লিবের্তাদোরেসে আর্জেন্টিনার ক্লাবগুলোর সর্বোচ্চ ধারাবাহিক সাফল্য ছিল টানা চার আসরে চ্যাম্পিয়ন হওয়া। ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত প্রথমবার এই কৃতিত্ব দেখায় দেশটির ক্লাবগুলো। পরে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আবারও টানা চারবার শিরোপা জেতে তারা।
উরুগুয়ের ক্লাবগুলোও অতীতে ধারাবাহিক সাফল্য পেয়েছে। ১৯৬০ ও ১৯৬১ সালে এবং পরবর্তী সময়ে ১৯৮৭ ও ১৯৮৮ সালে টানা দুই আসরে শিরোপা জিতেছিল দেশটির ক্লাবগুলো। তবে ব্রাজিলের বর্তমান আট আসরের সাফল্যের ধারেকাছেও নেই অন্য কোনো দেশ।
প্যারাগুয়ে, কলম্বিয়া, চিলি ও ইকুয়েডরের ক্লাবগুলোও বিভিন্ন সময়ে কোপা লিবের্তাদোরেসের শিরোপা জিতেছে। তবে টানা একাধিক আসরে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ব্রাজিলের মতো আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি দেশগুলো।
আট আসর ধরে শিরোপার অপেক্ষায় আর্জেন্টিনাব্রাজিলের সাফল্যের বিপরীতে আর্জেন্টিনার ক্লাব ফুটবলে চলছে দীর্ঘ শিরোপা-খরা। ২০১৮ সালে রিভার প্লেট সর্বশেষ কোপা লিবের্তাদোরেস জয়ের পর থেকে আর কোনো আর্জেন্টাইন ক্লাব প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০২৬ সালের আসর শেষ হওয়ায় দেশটির ক্লাবগুলোর শিরোপা-অপেক্ষা দাঁড়িয়েছে টানা আট মৌসুমে।
‘মিস্টার চিপ’-এর পরিসংখ্যান অনুযায়ী, কোপা লিবের্তাদোরেসে আর্জেন্টিনার ক্লাব ফুটবলের ইতিহাসে এটিই দীর্ঘতম শিরোপা-খরা। এর আগে ১৯৮৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত টানা সাত আসরে শিরোপা জিততে পারেনি দেশটির কোনো ক্লাব।
দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও দীর্ঘদিনের শিরোপা-খরার নজির রয়েছে। ১৯৮৮ সালে নাসিওনালের সর্বশেষ শিরোপা জয়ের পর উরুগুয়ের ক্লাবগুলো ৩৮ আসর ধরে চ্যাম্পিয়ন হতে পারেনি। ১৯৯১ সালে কোলো-কোলোর শিরোপা জয়ের পর চিলির অপেক্ষা ৩৫ আসরের। ২০০২ সালে অলিম্পিয়ার জয়ের পর প্যারাগুয়ের ক্লাবগুলো অপেক্ষা করছে ২৪ আসর ধরে।
এ ছাড়া ২০০৮ সালে এলডিইউ কিটোর সর্বশেষ শিরোপার পর ইকুয়েডরের ক্লাবগুলো ১৮ আসর ধরে শিরোপাহীন। ২০১৬ সালে আতলেতিকো নাসিওনালের জয়ের পর কলম্বিয়ার ক্লাবগুলোর অপেক্ষা ১০ আসরের।
সব মিলিয়ে কোপা লিবের্তাদোরেসে ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব ফুটবলের মধ্যে ব্যবধান ক্রমেই স্পষ্ট হচ্ছে। একদিকে ব্রাজিলের ক্লাবগুলোর ধারাবাহিক শিরোপা জয়, অন্যদিকে আর্জেন্টিনার ক্লাবগুলোর দীর্ঘ অপেক্ষা—দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে নতুন এক প্রতিদ্বন্দ্বিতার চিত্র তুলে ধরছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স