স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাববলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ রাত
  • ১৪২৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দেশটিকে নিজেদের প্রভাববলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে ভারত। বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের অধীনে রেখে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা এখনো বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পরও ১৯৭২ সাল থেকেই কমরেড তোয়াহাসহ অনেক রাজনৈতিক নেতা উপলব্ধি করেছিলেন, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর বাংলাদেশকে দিল্লি নিজেদের প্রভাববলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে। এ কারণে তাঁরা শুরু থেকেই আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

তিনি বলেন, প্রতিবেশী দেশের নীতিনির্ধারকেরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে উসকানি দেওয়া হচ্ছে। বাংলাদেশকে বিভিন্নভাবে হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। আধিপত্যবাদের নানা কৌশল এখনো সক্রিয় রয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা বিভিন্ন সময়ে দেশে ফিরে আসার কথা বলেছেন। তাঁর অনুসারীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এসব পরিস্থিতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কমরেড মোহাম্মদ তোয়াহার রাজনৈতিক জীবন স্মরণ করে রিজভী বলেন, ভাষা আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা ছিল অনন্য। ১৯৪৮ সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সামনে দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে প্রতিবাদ জানানো ছিল অত্যন্ত সাহসিকতার পরিচয়। রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই রাষ্ট্রপ্রধানের সামনে প্রকাশ্যে প্রতিবাদ জানানোর মতো সাহস তিনি দেখিয়েছিলেন।

তিনি আরও বলেন, ডাকসুর প্রভাবশালী নেতা হিসেবে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান—উভয় অংশেই কমরেড তোয়াহার জনপ্রিয়তা ছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধ পর্যন্ত তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

দেশের বামপন্থী রাজনীতির বিভক্তি প্রসঙ্গে রিজভী বলেন, একসময় দেশে মৌলিক রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তাত্ত্বিক ও দর্শনগত মতপার্থক্যের কারণে নেতাদের মধ্যে বিভক্তি দেখা দেয়। তাঁদের মধ্যে ঐক্য বজায় থাকলে সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত।

তিনি বলেন, মাওলানা ভাসানী ও কমরেড তোয়াহার মধ্যে মতপার্থক্য থাকলেও তাঁরা সবাই দেশপ্রেমিক ছিলেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বতন্ত্র জাতীয় সত্তা রক্ষাই ছিল তাঁদের লক্ষ্য। তাঁদের সংগ্রাম, ত্যাগ ও আদর্শ আজও অনুপ্রেরণা জোগায়।

রিজভী বলেন, পূর্বসূরিদের শিক্ষা আত্মস্থ ও বাস্তব জীবনে অনুশীলন করতে পারলে শত্রু-মিত্র চিহ্নিত করা সহজ হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আরও দৃঢ় অবস্থান নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সভা সঞ্চালনা করেন দলটির সাধারণ সম্পাদক খান মো. নূরে আলম। এ সময় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad