হামলার নিন্দা জানালেই পরমাণু স্থাপনায় প্রবেশের অনুমতি দেবে ইরান

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ রাত
  • ৭১৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি পেতে হলে দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার নিন্দা জানাতে হবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে। এমন শর্ত দিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামি।

রোববার (২৯ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক বক্তব্যে তিনি এ অবস্থান তুলে ধরেন।

মোহাম্মদ এসলামি বলেন, যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার নিন্দা না জানাবে, ততক্ষণ পর্যন্ত সংস্থাটি এসব স্থাপনা পরিদর্শনের দাবি জানাতে পারে না। তাঁর ভাষ্য, হামলা ও নিরাপত্তাঝুঁকির মুখে থাকা স্থাপনাগুলো পরিদর্শনের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাটির দায়িত্বশীল অবস্থান নেওয়া প্রয়োজন।

ইরানের পরমাণু স্থাপনাগুলোর কিছু অংশ ভূগর্ভে নির্মাণের বিষয়ে ওঠা প্রশ্নের জবাবে এসলামি বলেন, নিরাপত্তাঝুঁকির কারণে এসব স্থাপনা ভূগর্ভে তৈরি করা হয়েছে। গোপনীয়তা রক্ষার উদ্দেশ্যে এ ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি দাবি করেন, গত ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন তৎপরতা ইরানের পারমাণবিক শিল্পকে ঝুঁকির মধ্যে ফেলেছে। বারবার হামলার আশঙ্কা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই স্থাপনাগুলো সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইল একাধিকবার ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। এ নিয়ে তেহরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংস করে দেওয়া হয়েছে’।

ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক জ্বালানি উৎপাদন ও গবেষণার কাজে ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে দেশটির সঙ্গে পশ্চিমা বিশ্বের বিরোধ দীর্ঘদিনের।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad